সালমানের ঈদ প্রস্তুতি
চলতি বছরে আরও একবার ঈদের মওসুমে সিনেমাহলে হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা সালমান খান। তার অভিনীত নতুন সিনেমা ‘কিক’ ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার জন্য চলছে তোড়জোড়।
হিন্দুস্তান টাইমস জানায়, সিনেমাটির শুটিং শেষ করার জন্য এখন বিরতিহীন কাজ করে যাচ্ছেন সালমান। কারণ ঈদের বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস, এর মধ্যেই শেষ করতে হবে শুটিং এবং প্রোডাকশনের যাবতীয় কাজ।
সালমানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সম্প্রতি পোল্যান্ড থেকে ফিরেছেন সালমান, যেখানে ‘কিক’-এর ক্লাইম্যাক্স শুটিং করতে গিয়েছিলেন তিনি। তবে এ সপ্তাহের শেষে একদিন কাজ থেকে ছুটি নেবেন তিনি। কারণ দেশের বাইরে লাগাতার শুটিং করে ক্লান্ত এই অভিনেতা। তবে ছুটি শেষেই ফিরবেন ব্যস্ত সূচি নিয়ে।
সূত্রটি আরও জানায়, ৫ মে থেকে আবার শুরু হবে ‘কিক’-এর শুটিং। বান্দ্রার মেহেবুব স্টুডিওতে শুটিং হবে সিনেমার বাকি অংশ, যা সালমানের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরে অবস্থিত।
সূত্র জানিয়েছে, একটি ফ্লোরের শুটিং শেষ হওয়ার পর কোনো বিরতি ছাড়াই আরেকটি ফ্লোরে শুটিং হচ্ছে। নিয়মিত তৈরি হচ্ছে নতুন নতুন সেট।
হিন্দুস্তান টাইমস আরও জানায়, ২৫ দিন ধরে চলবে এই শুটিং, যেখানে পুরো সিনেমার সব কলাকুশলীরা বিরতিহীনভাবে কাজ করবেন। তবে এই ২৫ দিনে ধারণ করা হবে সিনেমার সাধারণ দৃশ্যগুলো, এই শুটিং শেষ হবে শুরু হবে গানের দৃশ্যের কাজ।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘কিক’-এর মাধ্যমে অনেকদিন পর পরিচালনায় ফিরবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সালমানের সঙ্গে এই সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করবেন শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফারনান্দেজ।
তেলেগু সিনেমা ‘কিক’-এর এই হিন্দি রিমেক ভারতে মুক্তি পাবে ২৭ জুলাই।
