২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর আবারও ফিডব্যাক

শেষ অ্যালবাম বের হয় ২০০২ সালে। তারপর পেরিয়েছে ১২ বছর। ফিডব্যাকভক্তরা এবার শুনতে পাবেন নতুন গান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 12:52 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

এ বছরের অক্টোবরের মধ্যেই বাজারে আসছে ব্যান্ডটির নতুন স্টুডিও অ্যালবাম। তবে ব্যান্ড-প্রধান ফোয়াদ নাসের বাবু গ্লিটজকে জানান, এখনও অ্যালবামের নাম ঠিক হয়নি । 

বাবু গ্লিটজকে বলেন, “আমাদের অ্যালবাম তৈরি। ব্যানার বা পরিবেশক ঠিক হলেই অক্টোবরের মধ্যে অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছি আমরা।” 

অ্যালবামের কাজ ফিডব্যাক শুরু করে ২০০৮ সালে। ২০১১ সালের মধ্যেই প্রকাশ করার মতো অবস্থায় ছিল অ্যালবামটি। কিন্তু সে সময় থেকে এখন পযর্ন্ত নানা কারণেই তা আর সম্ভব হয়নি বলে জানান বাবু।

"অ্যালবাম প্রকাশিত না হওয়ায় গানগুলোর আরও বেশি পরিচর্যা, অদল-বদলের সুযোগ হয়েছে" বলে মন্তব্য করেন বাংলাদেশের অন্যতম সেরা কি-বোর্ডিস্ট বাবু। 

অ্যালবামে গান থাকছে দশটি। এর মধ্যে ‘হৃদয়ে হৃদয়ে’, ‘উড়ু উড়ু মন’ শিরোনামের গান দুটি বিভিন্ন মঞ্চে গাওয়া হচ্ছে নিয়মিত। 

অ্যালবামের জন্য গান লিখেছেন, সাইফ, গুঞ্জন চৌধুরী, পিয়ারু খান, আফতাব মাহমুদ, লাবু রহমান। সুর দিয়েছেন ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, শাহনুর রহমান লুমিন।

১৯৭৬ এ শুরু হওয়া ব্যান্ডটি নব্বইয়ের দশকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছায় 'রক, জ্যাজ ও ফোক ফিউশনের সংমিশ্রনে ফিডব্যাকের গানগুলো স্বকীয়তা অর্জন করে'  এ পর্যন্ত তাদের দশটি অ্যালবাম বেরিয়েছে।