দাদা সাহেব ফালকে উৎসবে সম্মানিত ‘পোস্টার’
ভারতে চতুর্থ দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল ফেস্টিভাল মেনশন’- এ সম্মানিত হয়েছে বাংলাদেশী চলচ্চিত্র ‘পোস্টার’। জহির রায়হানের ‘পোস্টার’ গল্প অবলম্বনে স্বল্পর্দৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আসিফ খান।
বুধবার রাত ৮ টায় দিল্লী তিভলি গার্ডেন রিসোর্টে অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক ও প্রযোজক আসিফ খানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক সাভিতা রাজ হিরমাথ। সে সময় আরও উপস্থিত ছিলেন উৎসব পরিচালক রামভুল সিং।
বৃহস্পতিবার রাতে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে খবরটি প্রকাশ করেছেন আসিফ খান।
১৫ মিনিটের এই চলচ্চিত্রের কাহিনি লিখেছেন জান্নাতুন নাঈম প্রীতি, চিত্রনাট্য লিখেছেন মাহদী হাসান। দীপনের সিনেমাটোগ্রাফিতে সম্পাদনা এবং সংগীত নির্দেশনা দিয়েছেন পাঞ্জাবের রাজেশ কাপুর।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইহতিশাম আহমেদ, মম শিউলি, হাসনাত রিপন, ফারজানা মিল্টনসহ শতাধিক অভিনেতা ও অভিনেত্রী।
২০১৩ সালে তিনি জহির রায়হানের ‘পোস্টার’ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।
‘পোস্টার’ সিনেমার কাহিনি এগিয়েছে আমজাদ নামের এক আমলার গল্প নিয়ে। সহজ সরল আমজাদ বিশ্বাস করেন সরকার চাইলে জনগণের জন্য সবকিছু করতে পারে। ঘটনাচক্রে একদিন চাকরি হারান তিনি। তিনি বুঝতে পারেন না কোন দোষে চাকরি গেল তার। 'পুঁজিবাদি' সমাজের নানা চালচিত্র আমজাদের চোখে কীভাবে ধরা দেয় জানতে শর্টফিল্মটি দেখতে হবে।
