মারা গেলেন বব হস্কিনস
‘দ্য লং গুড ফ্রাইডে’ খ্যাত ব্রিটিশ অভিনেতা বব হস্কিনস আর নেই
বিবিসি জানায়, ২৯ এপ্রিল হাসপাতালে পরিবারের সদস্যদের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাফটজয়ী এই অভিনেতা।
২০১২ সালে ‘পারকিনসন্স ডিজিজ’ ধরা পড়ার পর অভিনয় থেকে অবসর নেন হস্কিন্স।
অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "ববের মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে ২৯ এপ্রিল রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এরকম সময়ে আমাদের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। আর ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি তাদের ভালোবাসা আর শুভকামনার জন্য।"
১৯৬৯ থেকে ২০১২ সাল পর্যন্ত নিয়মিত সিনেমায় অভিনয় করেছেন হস্কিনস। ১৯৮৬ সালে মুক্তি পাওয়া ব্রিটিশ সিনেমা ‘মোনালিসা’তে অভিনয় করে বাফটা এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়াডর্সে সেরা অভিনেতার খেতাব জেতেন তিনি। একই সিনেমার জন্য জুটেছিল ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন।
হস্কিনসের সঙ্গে ‘সুইট লিবার্টি’ এবং ‘লাস্ট অর্ডারস’ এ কাজ করেছেন আরেক ব্রিটিশ অভিনেতা স্যার মাইকেল কেইন। প্রয়াত সহশিল্পীকে ‘সবচেয়ে ভালো এবং গুণী অভিনেতাদের মধ্যে একজন’ হিসেবে স্মরণ করেন কেইন।
মার্কিন কমেডি ‘হু ফ্রেইমড রজার র্যাবিট’ এ অভিনয় করে গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছিলেন হস্কিনস।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পরিচালক রবার্ট জেনেকিসের মতে, "অভিনয়ের প্রতি হস্কিনসের সততা এবং নিষ্ঠার কারণে সিনেমাটির অ্যানিমেটেড চরিত্রগুলোকে এতোটা বাস্তব মনে হয়েছে। যা তার প্রতিভার একটি জ্বলন্ত প্রমাণ।"
‘কুইন' খ্যাত অভিনেত্রী হেলেন মিরেন ‘দ্য লং গুড ফ্রাইডে’তে অভিনয় করেছিলেন হস্কিনসের স্ত্রীর ভূমিকায়। সহশিল্পীর মৃত্যুতে মিরেন বলেন, "শুধুমাত্র অভিনেতা হিসেবেই অসাধারণ ছিলেন না তিনি, একজন মানুষ হিসেবেও হস্কিনস ছিলেন চমৎকার।"
চার দশকের ফিল্মি ক্যারিয়ারে তিনি দর্শককে উপহার দিয়েছেন ‘মারমেইডস’, ’হুক’, ‘মিসেস হেন্ডারসন প্রেজেন্টস’ এবং ‘মেড ইন ডেগেনহাম’সহ আরও অনেক মুভি।
হস্কিনস অভিনীত শেষ সিনেমা ছিল ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসমেন’, ২০১২ সালের এই সিনেমায় তুষারকন্যার সাত বামনের একজন ছিলেন তিনি।
দ্বিতীয় স্ত্রী লিন্ডা ব্যানওয়েলের সঙ্গে চার সন্তান পৃথিবীতে রেখে গেছেন এই প্রয়াত অভিনেতা।
