রং-তুলিতে অন্য ডিলান
গানে এঁকেছেন মানুষ ও সমাজের অসংখ্য চিত্র। এবার রং-তুলি হাতে যুক্তরাষ্ট্রের দর্শকদের সামনে বিশ শতকের সেরা গায়ক-কবিদের একজন, বব ডিলান। ৮ মে নিউ ইয়র্কের রস আর্ট গ্রুপ গ্যালারিতে শুরু হচ্ছে ‘ট্যাম্বুরিন ম্যান’ এর চিত্র প্রদর্শনী 'ড্রন ব্ল্যাংক সিরিজ', যার বাংলা করা যায় 'প্রত্যুত্তরহীন সিরিজ’।
মার্কিন সাময়িকী ‘ফাস্ট কম্পানি’ জানায়, ছবিগুলোর বেশিরভাগই ১৯৮৯ থেকে ১৯৯২ এ চারকোলে আঁকা কিছু চিত্রকর্মের ওপর ভিত্তি করে তৈরি। এগুলোর বেশিরভাগই কাগজের ওপর অ্যাক্রেলিক বা জলরং। কিছু ছাপচিত্রের ওপর নতুন করে রং-চাপানো।
নিউইয়র্ক ডেইলি নিউজের চিত্র সমালোচক লিখেছেন, এগুলো তাঁর প্রথম দিককার গানগুলোর মতই ‘সারল্যমাখা'।
এক শহর থেকে আরেক শহর, দেশ থেকে দেশে চিরভ্রমণশীল গায়ক ডিলানের নিঃসঙ্গ মুহূর্তগুলো খুঁজলে পাওয়াও যেতে পারে প্রদর্শনীর চার ডজন ছবিতে।
ওয়ারহলের 'ক্যাম্পবেল স্যুপ ক্যান সিরিজ' (১৯৬২) (ছবি: মিউজিয়াম অফ মডার্ন আর্ট)
'আবসিন্তে সেবকেরা' (১৭৭৬) (ছবি: উইকিমিডিয়া কমনস)
সিরিজটিতে একই ছবির বিভিন্ন রংয়ের সংস্করণ দেখা যাবে। একই উশকো খুশকো চেহারার লোকের পরনে কখনও ধূসর, কখনও খয়েরি, অথবা নীল ওভারকোট। একজন সমালোচক ছবিগুলোকে বলেছেন এদগার দেগার ‘আবসিন্তে সেবক’ (১৮৭৬) ছবির স্টাইলে কিছু দুর্বল আঁকাবুকি। আবার এর মধ্য দিয়ে আধুনিক সমাজের একঘেঁয়ে পুনরাবৃত্তিকে ধরার যে চেষ্টা তাতে পপ-আর্টের জনক অ্যান্ডি ওয়ারহলের ছায়াও খুঁজে পেয়েছেন কেউ।
চার দশক ধরে আঁকা শখের পেইন্টার ডিলানের চিত্রকর্মগুলোকে 'মিউজিয়াম কোয়ালিটি’ বলতে নারাজ কোনও কোনও সমালোচক। এই সিরিজের ছবিগুলো এর আগে জার্মানি ও যুক্তরাজ্য ঘুরে এসেছে। এডিনবরার প্রদর্শনীর রিভিউ করতে গিয়ে 'দি স্কটসম্যান' পত্রিকার সমালোচক ব্যঙ্গ করেছেন এই বলে যে, অমর এই শিল্পির চিত্রকর্মগুলো “বেদনাদায়কভাবে মরণশীল”।
চড়া রংয়ের ছবিগুলোকে মোটাদাগে পোস্ট-ইমপ্রেশনিস্ট বলা যেতে পারে।
(ছবি: 'ফাস্ট কম্পানি')
(ছবি: 'ফাস্ট কম্পানি')
প্রদর্শনীর কিউরেটর মিকি রস বলেছেন ডিলানের গানের সঙ্গে তাঁর ছবিগুলোকে মেলানো হবে "নিস্ফল চেষ্টা"। কিন্তু শিল্পী স্বীয় অভিজ্ঞতার বাইরে যেতে পারেন কি?
অনেকগুলো ছবিতে ফিরে ফিরে এসেছে রেললাইন। ডিলানের সঙ্গে রেলগাড়ির সম্পর্ক আশৈশব, যখন থেকে ট্রেইনে-ট্রেইনে গিটার নিয়ে ফিরতেন ডানপিটে বব। ডিলানের জীবনীভিত্তিক ছবি 'আই অ্যাম নট দেয়ার' (২০০৭) এর অনেকটা জুড়েই ছিল রেলগাড়ি।
'স্লো ট্রেইন কামিং' অ্যালবামের প্রচ্ছদ
(ছবি: 'ফাস্ট কম্পানি')
তবে ছবির রেললাইনের ছবিগুলোতে গাড়ি নেই, মানুষ নেই। ট্র্যাকের শুরু নেই, শেষও নেই। ফ্রেইমের এক প্রান্তে বেঁকে গিয়ে মিলিয়ে যাওয়া শূন্য লাইনগুলো যেন ডিলানের 'স্লো ট্রেইন কামিং’ (১৯৭৯) অ্যালবামের কথা মনে করিয়ে দেয়। বাম ও নৈরাজ্যবাদীদের পছন্দসই ডিলানের ধর্মীয় চরিত্রের অ্যালবামটিতে ‘রেলগাড়ি', কারও কারও ব্যাখ্যা অনুযায়ী, যীশুর পুনরুত্থান বা 'দ্বিতীয় আগমনে’র উপমা।
২০১৪ সালে ডিলানের চিত্রকর্মে দেখা যাচ্ছে সেই ট্রেইন এখনো পৌঁছায়নি।
