ডেপ, ডিয়াজকে টপকে শীর্ষে ‘স্পাইডার-ম্যান’
যুক্তরাজ্যে ঝড় তুলেছে ‘স্পাইডার-ম্যান’। ৩৩ কোটিরও বেশি পাউন্ড আয় করে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বক্স অফিসের শীর্ষে সিনেমাটি।
বিবিসি বলছে, মার্ভেলের এই সুপারহিরো সিকুয়েলের কারণে এখন পাত্তা পাচ্ছে না ক্যামেরন ডিয়াজ আর জনি ডেপের মতো মেগাস্টারদের সিনেমা। এখন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডিয়াজের ‘দ্য আদার ওম্যান’ এবং ডেপের ‘ট্রান্সেডেন্স’। শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছে ‘রিও টু’ এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: উইন্টার সোলজার’-এর মতো সামার ব্লকবাস্টার।
‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’-এর লন্ডন প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে ১০ এপ্রিল। মুক্তির পরপরই যুক্তরাজ্যে চলতি বছর এ পর্যন্ত সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে সিনেমাটি। নির্মাতারা আশা করছেন মার্ভেলের আরেক সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার সিকুয়েলের আয়কেও খুব দ্রুতই ছাড়িয়ে যাবে স্পাইডার-ম্যানের আয়।
ওদিকে, ক্যাপ্টেন আমেরিকার দাপট সত্ত্বেও প্রথম দুই সপ্তাহ ভালোই ব্যবসা করেছে ‘দ্য আদার ওম্যান’। তখনও পর্যন্ত তাদের আয় ছিল ২৬ কোটি পাউন্ডের উপরে। তবে, সত্যিকার অর্থেই বিশ্ববাজারে ক্ষতির মুখে পড়েছে ‘দ্য ডার্ক নাইট’ সিরিজখ্যাত ক্রিস্টোফার নোলানের ‘ট্রান্সেন্ডেস’। ইস্টারের সপ্তাহে মুক্তি দেওয়ার পরও আমেরিকা আর কানাডার মতোই যুক্তরাজ্যের বাজারেও মার খাচ্ছে সাই-ফাই মুভিটি। এখন পর্যন্ত তাদের আয় ১১ কোটি আট লাখ পাউন্ড।
এদিকে গ্রীষ্ম শুরুর আগেই দুই সুপারহিরো সিকুয়েল দিয়ে বাজার এখন পুরোপুরি দখলে মার্ভেলের। দুই ভিন্ন স্টুডিও ডিজনি এবং সনির সঙ্গে মিলে মার্ভেল কমিকসের ব্যবসা এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রে মুক্তির আগেই ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ এর আয় এখন ১৩০ কোটি ডলারের বেশি। আর এরইমধ্যে সামার ব্লকবাস্টারের তকমা পেয়ে যাওয়া ক্যাপ্টেন আমেরিকার সিকুয়েল তো আছেই। সবমিলিয়ে দুই সিনেমার এখন পর্যন্ত আয় সাড়ে ছয়শ’ কোটি ডলারের কাছাকাছি।
