দুবাইয়ে স্করপিয়ন্স ড্রামারের জেল
এপ্রিলের ৩ তারিখ দুবাই এয়ারপোর্টে ঘটে ঘটনাটি। বাহরাইনে কনসার্টে যাওয়ার পথে ঐ বিমানবন্দরে জার্মান রক ব্যান্ড স্করপিয়ন্সের ড্রামার জেইমস কোটাক অসদাচরণের জন্য আটক হন। মঙ্গলবার স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
৫১ বছর বয়েসী মার্কিন নাগরিক কোটাকের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে মুসলমানদের ঢালাও গালাগালি এবং অশ্লীল অঙ্গভঙ্গী।
আদালতে স্বাক্ষীরা বলেছেন কোটাক “অশিক্ষিত মুসলামানদের” গালাগালি করে মধ্যাঙ্গুলি প্রদর্শন করেন।
স্বাক্ষীরা আরও বলেন, কোটাক বলেছেন তিনি পাকিস্তানি ও আফগান যাত্রীদের সঙ্গে ভ্রমণ করবেন না।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল লিখেছে, একজন অফিসার স্বাক্ষ্য দিয়েছেন যে, পাকিস্তানি ও আফগান যাত্রীদের দেখে নাক চেপে ধরে কোটাক বলেন, “এতো দুর্গন্ধ কেন”।
এ ছাড়াও উত্তেজিত হয়ে ট্রাউজার খুলে ফেলেন বলেও অভিযোগ আসে। কোটাকের উকিল বলেছেন তার মক্কেল মধ্যাঙ্গুলি দেখাননি, বরং লোকজনকে ট্যাটু প্রদর্শন করতে চেয়েছিলেন।
কোটাক বলেছেন তিনি মদ খেয়েছিলেন, কিন্তু আর কিছু করেননি।
“এমনকি মাতাল অবস্থাতেও আমার পক্ষে ঐসব আচরণ করা সম্ভব না”, বলেন কোটাক।
যেহেতু এপ্রিলের ৩ তারিখ থেকেই তিনি হাজতবাস করছেন, কোটাকের এক মাস কারাভোগের মেয়াদ শেষের দিকে।
পাওয়ার ব্যালাডের জন্য বিশেষভাবে খ্যাত ব্যান্ড স্করপিয়ন্স ১৯৬৫ সালে গঠিত হয়। এতে ড্রামার হিসেবে ১৯৯৬ এ যোগ দেন জেইমস কোটাক।
