বলিউডে অর্পিতা পাল
ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রী অর্পিতা পাল এবার বলিউডি সিনেমায় যাত্রা শুরু করতে যাচ্ছেন। পরিচালক অনির বলিউডি সিনেমা ‘শাব’-এ বলিউডি অভিষেক হবে অর্পিতার।
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী অর্পিতা প্রসেনজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর তাদের সংসার এবং মেয়েকে নিয়েই এতদিন বেশি ব্যস্ত ছিলেন। ফলে রূপালী পর্দায় তার উপস্থিতি ছিল খুবই কম। আর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন বলিউডে।
অনির জানান, বলিউডি সিনেমায় কাজ করার জন্য অর্পিতাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদের।
তিনি বলেন, “আমি প্রসেনজিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর তখনই তার স্ত্রী বের হয়ে এলেন। আর তখনই তাকে আমার চরিত্রটির জন্য পছন্দ হয়।”
তিনি আরও জানান, “আমি খুবই অবাক হয়েছিলাম যে, কেন অর্পিতা এখনও বলিউডে কাজ করেননি। তিনি অসাধারণ এবং স্টাইলিশ। বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর, জয়া ভাদুরি এবং বিপাশা বসুর পর এবার অর্পিতার বলিউডি অভিষেকের পালা।”
অনির জানান, “অভিজাত দক্ষিণ দিল্লীর নারীদের সাজে সাজানো হবে অর্পিতাকে। আর এ জন্য অর্পিতার চুল কেটে ছোট করে ফেলা হয়েছে। তার পোশাক এবং বাচন ভঙ্গিতেও পরিবর্তন আনা হচ্ছে।
সিনেমায় অর্পিতাকে দেখা যাবে তার চেয়ে বয়সে ছোট একজনের সঙ্গে প্রেম করতে।
আগামী ছয় মাসের জন্য দিল্লি যাচ্ছেন অর্পিতা। শুটিং শুরুর কিছুদিন আগেই সেখানে যাচ্ছেন যাতে করে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেন।
‘শাব’ সিনেমায় অভিনয়ের জন্য সংগীতা বিজলানির সঙ্গেও কথা বলেছেন অনির।
অনিরের আগের সিনেমা ‘মাই ব্রাদার নিখিল’, ‘বাস এক পাল’ এবং ‘আই অ্যাম’-এর থেকে পুরোপুরি ভিন্ন হবে ‘শাব’।
অনির বলেন, “নির্মাতা হিসেবে নিজেকে কোনো গণ্ডিতে আটকে রাখতে চাই না আমি। আগের সিনেমাগুলোর তুলনায় পুরোপুরি ভিন্ন হতে যাচ্ছে ‘শাব’।”
‘শাব’-এর চিত্রনাট্যও রচনা করেছেন অনির। তিনি বলেন, “চিত্রনাট্যর কাজ শেষ করে এবার আমি সিনেমাটির কাজে হাত দিচ্ছি। দক্ষিণ দিল্লির প্রেক্ষাপটে, সম্পর্কের টানাপড়েন নিয়ে হচ্ছে ‘শাব’ সিনেমার কাহিনি।”
