২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর হাত ধরে আদালতে পল সাইমন

আদালতে হাজিরা দিয়েছেন গায়ক দম্পতি পল সাইমন আর এডি ব্রিকেল। এ সময় তারা একে অন্যের হাত ধরে ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 03:09 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক আদালতে বিচারককে সাইমন বলেন, “স্ত্রীর সঙ্গে কলহ সচরাচর হয় না তার। এখন আর তারা একে অন্যের জন্য হুমকি নন।”

উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে শনিবার গ্রেফতার হন সাইমন-ব্রিকেল দম্পতি। বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট রাজ্যের নিউ কানানের বাসভবনে পারিবারিক গোলযোগের খবর পেয়ে পুলিশ আসে ও তাদের গ্রেফতার করে।

পুলিশের এক মুখপাত্র জানান, স্বামী-স্ত্রী, দুপক্ষেরই আক্রমণাত্মক আচরণের আলামত পাওয়া যায়।

সাইমন এবং তার স্ত্রী দুজনকেই এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটার জন্য সতর্ক করে দেওয়া হয়।

সংগীতদম্পতি সাইমন এবং ব্রিকেলের দাম্পত্য জীবন ২০ বছরের। তিন সন্তান নিয়ে কানেক্টিকাটে কয়েক বছর ধরে রয়েছেন তাঁরা।

জীবনে তিনবার বিয়ে করেছেন সাইমন, ব্রিকেল ছিলেন তার তৃতীয় স্ত্রী। এর আগে তিনি বিয়ে করেছেন পেগি হারপারকে, এরপর তার বিয়ে হয়েছিল অভিনেত্রী ক্যারি ফিশারের সঙ্গে। ব্রিকেলকে ১৯৯২ সালে বিয়ে করেন সাইমন।

৭২ বছর বয়সী গায়ক সাইমন পরিচিতি পান ফোক-রক ধাঁচের ব্যান্ড ‘সাইমন অ্যান্ড গারফাঙ্কেল’এর মাধ্যমে, যা বন্ধু আর্ট গারফাঙ্কেলের সঙ্গে মিলে গঠন করেছিলেন তিনি। সত্তরের দশক থেকে এখন পর্যন্ত সংগীত মহলে ব্যাপক জনপ্রিয় সাইমন। প্রায় ৫০ বছরের ক্যারিয়ারে ১২টি গ্র্যামি জিতেছেন এই গায়ক।

সাইমন অ্যান্ড গারফাঙ্কেলের বিখ্যাত গান 'সাউন্ড অফ সাইলেন্স’-এর বাংলা সংস্করণ ‘স্তব্ধতার গান শোনো’ গেয়েছেন কবীর সুমন।

অপরদিকে ৪২ বছর বয়সী এডি ব্রিকেল ছিলেন ব্যান্ড ‘এডি ব্রিকেল অ্যান্ড নিউ বোহেমিয়ানস’-এর প্রধান গায়িকা। চলতি বছরের শুরুতে স্টিভ মার্টিনের সঙ্গে মিলে ব্রিকেল জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড, ‘বেস্ট আমেরিকান রুট সং’ বিভাগে। মে মাসে আমেরিকা এবং কানাডাতে স্টিভ মার্টিন এবং ব্যান্ড দ্য স্টিপ ক্যানিয়ন রেঞ্জার্সের সঙ্গে ট্যুরে বের হবেন ব্রিকেল।