ঢাকায় ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’
মার্ভেলের সুপারহিরো স্পাইডার-ম্যানকে নিয়ে তৈরি সিনেমা ‘দ্য অ্যমেইজিং স্পাইডার-ম্যান টু’ ঢাকায় মুক্তি পাচ্ছে ২ মে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশেও হচ্ছে কোন হলিউডি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
আর এ উদ্যোগটি নিয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।
প্রতিষ্ঠানটির মিডিয়া এবং বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, এখন থেকে আরও বেশি বিদেশি সিনেমা সারাবিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশে মুক্তির ব্যবস্থা করবেন।
তিনি বলেন, “পাশের দেশ ভারতে যদি ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিনেই সিনেমা মুক্তি পেতে পারে, তবে বাংলাদেশে আমরা কেন তা করতে পারব না? এখন থেকে আরও বেশি সিনেমা ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন মুক্তি দেওয়ার চেষ্টা করব আমরা।এখন থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যদেশের মানুষের সঙ্গে আমাদের দেশের দর্শকরাও একই দিনে হলিউডের সিনেমা দেখার সুযোগ পাবেন।”
মার্ক ওয়েবের পরিচালনায় কলাম্বিয়া পিকচার্সের ব্যানারে নতুন স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি’র দ্বিতীয় সিনেমায় এবারও ‘পিটার পার্কার’ অ্যান্ড্রু গারফিল্ড। এই সিরিজের প্রথম সিনেমা ২০১২ সালের ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এর বাদবাকি কলাকুশলীদের মধ্যে রয়েছেন এমা স্টোন এবং স্যালি ফিল্ড। স্পাইডার-ম্যানের প্রেমিকা স্টেসির ভূমিকায় অভিনয় করেছেন স্টোন। ওদিকে পিটার পার্কারের চাচি ভূমিকায় এবারও ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী স্যালি ফিল্ড।
২০১২ সালে স্পাইডার-ম্যানকে নতুন একটি মুভি ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ফিরিয়ে আনে মার্ভেল। সে বছর ২৩ কোটি মার্কিন ডলার বাজেটের সিনেমা ‘দ্য অ্যামেইজিং স্পাইডারম্যান’ বিশ্বব্যাপী আয় করে ৭৫ কোটির ডলারেরও বেশি। সে বছরই সিনেমাটির সিকুয়েল তৈরির ঘোষণা দেয় মার্ভেল। সেই ধারবাহিকতায় ২০১৩ সালের শুরুতে নতুন পর্বটির শুটিং শুরু হয়।
