চলচ্চিত্রে আরও এক নারী নির্মাতা
চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাট্যনির্মাতা ইরানী বিশ্বাস। এরই মধ্যে বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন তিনি।
শুধু পরিচালক নয়, প্রযোজক হিসেবেও কাজ শুরু করবেন তিনি। ইরানী বিশ্বাস গ্লিটজকে জানিয়েছেন, নিজের প্রতিষ্ঠান নাইস ড্রিম ফিল্ম হাউজের ব্যানারেই প্রথম সিনেমাটি নির্মাণ করবেন।
ইরানী বলেন, “এ সময়টা সিনেমা বানানোর জন্য উপযুক্ত। দর্শকের কাছে পৌঁছানোর বড় মাধ্যম সিনেমা। প্রথম সিনেমাটি নিয়ে অনেকদিনের পরিকল্পনা। তাই আঁটঘাট বেঁধেই পরিচালনায় নেমেছি।”
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন পরী মণি, শ্রাবণ খান শুভ ও নবাগত উদয় খান। সিনেমার নাম ঠিক না করলেও চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গেছে বলে জানান ইরানী।
‘বিসর্জন’ নাটকের মাধ্যমে ২০১২ সালে নাট্যনির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন ইরানী বিশ্বাস। এরপর ‘চাঁদের পালকি’, ‘তবুও প্রতীক্ষা’, ‘অন্তরীপ, ‘চোখের ভুল’ ও কমেডি ধাঁচের ‘কিপ্টার ধন পিঁপড়ায় খায়’ নাটকসহ ১২টি নাটক নির্মাণ করেছেন। তার পরিচালিত দুটি ধারাবাহিক হল ‘মনের জানালা’ এবং ‘পিএইচডি সালমান’। কমেডি ধারাবাহিক ‘পিএইচডি সালমান’ শীঘ্রই প্রচারিত হবে।
অন্যদিকে পরী মণি এখন ‘রানা প্লাজা’র মুক্তির অপেক্ষায়। এখন অভিনয় করছেন ‘ইনোসেন্ট লাভ’, ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমাতে।
শুভ অভিনীত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়।
