দেশব্যাপী ‘জীবনঢুলী’
‘মুক্তিযুদ্ধে বিপর্যস্ত মানুষের’ কাহিনি নিয়ে সিনেমা ‘জীবনঢুলী’ দেশের প্রতিটি জেলায় দেখানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও কিনো আই ফিল্মস।
শিল্পকলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার বিকেলে জানানো হয়, মুক্তিযু্দ্ধের কথা জানাতেই সিনেমাটি ৬৪ জেলায় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
নির্মাতা তানভীর মোকাম্মেল বলেন, “মুক্তিযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্নবর্গের মানুষেরা। বিশেষ করে হিন্দু পরিবারগুলো। তাদের সেই দুর্বিষহ জীবনের কিছুটা অংশ তুলে ধরেছি ‘জীবনঢুলী’র মাধ্যমে। সিনেমায় মূলচরিত্র জীবনের নাম অনুসারেই সিনেমাটির নামকরণ করা হয়েছে।”
সিনেমায় অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, তবিবুল ইসলাম বাবু, চিত্রলেখা গুহ, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিক জ্যোতি প্রমুখ।
সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী ঢাকার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। এর আগেই সিনেমাটি ষষ্ঠ জয়পুর চলচ্চিত্র উত্সবে অংশ নেয়। এছাড়া কলকাতার গোর্কি সদনে এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে স্থানীয় একটি সিনে ক্লাব।
মুক্তির পর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং ঢাকা, যশোর, খুলনাসহ দেশের বেশ কয়েকটি জেলায় এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্রটি প্রথমে প্রদর্শীত হবে ২ ও ৩ মে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে। পরে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ৪ ও ৫ মে রাঙ্গামাটি, ৯ ও ১০ মে বাগেরহাট, ১১ ও ১২ মে পিরোজপুর। ফরিদপুর, গোপালগঞ্জ, গাইবান্ধা, নীলফামারী জেলায় প্রদর্শনীর সূচিও ঠিক করা হয়েছে বলে জানানো হয়েছে।
যেসব জেলায় শিল্পকলা একাডেমি মিলনায়তন নেই সেখানে মানসম্পন্ন মিলনায়তনে সিনেমাটির প্রদর্শন চলবে।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৯০ মিনিটের সিনেমাটি দেখানো হয়।
সিনেমাটি নির্মিত হয়েছে তথ্যমন্ত্রণালয়ের অনুদানে, প্রযোজনা ও কারিগরি সহযোগিতা দিয়েছে কিনো আই ফিল্মস।
