আইফাতেও সেরা দিপিকা, ফারহান
সেরা অভিনেত্রী-বিভাগে নিজেই ছিলেন নিজের প্রতিদ্বন্দ্বী। শেষপর্যন্ত সেরার পুরস্কারটা উঠলো তারই হাতে। ‘চেন্নাই এক্সপ্রেস’ এর সুবাদে দিপিকা পাড়ুকোন জয় করে নিলেন এবারের আইফা অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রীর খেতাব। ওদিকে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগের পুরস্কার বাগিয়ে নিয়ে ‘ভাগ মিলখা ভাগ’-এর জয়যাত্রা অব্যাহত থাকলো মূল পর্বেও।
২০১৩ সালে একশ কোটির ওপরে ব্যাবসা করা চারটি সিনেমার অভিনেত্রী ছিলেন দিপিকা। এরমধ্যে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘গোলিও কি রাসলিলা: রাম-লিলা’ আর ‘চেন্নাই এক্সপ্রেস’ এর জন্য সেরা অভিনেত্রী বিভাগে তিনটি মনোনয়ন পেয়েছিলেন তিনি। শাহরুখ খানের বিপরীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এর জন্য সেরার পুরস্কার তো জিতেছেনই, বোনাস হিসেবে পেয়েছেন ‘এন্টারটেননার অফ দ্য ইয়ার’-এর খেতাবও।
২৬ এপ্রিল আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলবর্তী শহর ট্যাম্পার রেইমন্ড জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৫তম আইফা অ্যাওয়ার্ডসের মূল পর্বের রাতে অবশ্য জয়জয়কার ছিল রাকেশ ওম প্রকাশ মেহরার ‘ভাগ মিলখা ভাগ’। নিজে হয়ছেন সেরা পরিচালক। রাকেশের সিনেমার কলাকুশলীরাও জিতে নিয়েছেন আরও তিনটি পুরস্কার। ‘দ্য ফ্লাইং শিখ’ মিলখা সিংকে বড় পর্দায় রূপ দেয়া ফারহান আখতার আইফাতেও ‘সেরা অভিনেতা’র খেতাব অর্জন করে নিয়েছেন। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন দিভিয়া দত্ত; সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন প্রাসুন জোশি। আর সবশেষে সেরা চলচ্চিত্রের পুরস্কারও গেছে রিলায়েন্স এন্টারটেননমেন্টের ব্যানারে মুক্তি পাওয়া এই সিনেমার ঘরে।
‘আশিকি টু’ দিয়ে একশ কোটির ক্লাবে ঢুকলেও অভিনেতা আদিত্য রয় কাপুর সেরার পুরস্কার জিতেছেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য। ‘আশিকি টু’-এর দলকে অবশ্য হতাশ হতে হয়নি পুরোপুরি; সংগীত বিভাগের সবগুলো পুরস্কারই গেছে তাদের ঘরে। মিঠুন শর্মা, আঙ্কিত তিওয়ারি এবং জিত গাঙ্গুলি জিতেছেন সেরা সংগীত পরিচালকের খেতাব। ‘তুম হি হো’ গানটির জন্য মিঠুন শর্মা অর্জন করেছেন সেরা গানের কথার পুরস্কার। ওদিকে ‘সুন রাহা হ্যায় না’ গানে কণ্ঠ দিয়ে সেরা প্লেব্যাক সিঙ্গারের খেতাব জিতে নিয়েছেন আঙ্কিত তিওয়ারি এবং শ্রেয়া ঘোষাল।
আসরের সেরা নবাগত অভিনেতা হিসেবে স্বীকৃত হয়েছেন ধানুশ। ‘রানঝানা’র সুবাদে হিন্দি সিনেমায় অভিষেকটা স্মরণীয়ই হয়ে থাকলো এই তামিল অভিনেতার জন্য। ওদিকে এই বিভাগের ‘সেরা অভিনেত্রী’ হয়েছেন ভানি কাপুর। ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর সুবাদে পুরস্কারটি জেতেন তিনি। ‘নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী’র পুরস্কার অর্জন করেছেন ঋষি কাপুর; ‘আওরঙ্গজেব’ সিনেমায় এক দুর্নীতিবাজ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে।
