ঢাকার মঞ্চে ‘যা নেই ভারতে’
ভারতের নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র রচিত নাটক ‘যা নেই ভারতে’ বাংলাদেশে প্রথম মঞ্চস্থ করছে ‘কণ্ঠশীলন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন মীর বরকত।
৪ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটির।
মীর বরকত গ্লিটজকে বলেন, “নাট্যকার মনোজ নাটকের মূল কাহিনি নিয়েছেন ‘মহাভারত’-এর প্রথম দুটি খণ্ড থেকে। এর সঙ্গে বর্তমান সময়ের বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে নারীবাদ, সামাজ্যবাদ ইত্যাদি বিষয়গুলোকে সন্নিবেশ করে লিখেছেন ‘যা নেই ভারতে’।”
কণ্ঠশীলনের জন্য এটি তার নির্দেশিত দ্বিতীয় নাটক।
বরকত আরো জানান, “পৌরাণিক গল্পের সঙ্গে আধুনিক সময়চিত্রের প্রতিচ্ছবি থাকায় এক ধারার সঙ্গে অন্য ধারার মিশ্রণ করতে হয়েছে।” ‘নতুনত্ব আনতে’ নাটকের মঞ্চ সাজানো হবে দাবা বা পাশা খেলার আদলে।
১ ঘন্টা ৩৫ মিনিটের নাটকটির মঞ্চসজ্জা ও আলোক নির্দেশনা দিয়েছেন জোনায়েদ ইউসুফ। সংগীত পরিচালনা করেছেন অসীম কুমার নট্ট। পোষাক পরিকল্পনা করেছেন আইরিন পারভীন লোপা। নাটকের জন্য দুটি গানের কথা লিখেছেন এএফ আকরাম হোসেন।
মনোজ মিত্র কলকাতার টেলিভিশন, সিনেমা ও থিয়েটারের জনপ্রিয় অভিনয়শিল্পীদের একজন। চিত্রনাট্য রচনা ও অনুবাদের কারনেও খ্যাতি রয়েছে তার। তার রচিত ‘কিনু কাঁহারের থেটার’, ‘চাক ভাঙ্গা মধু’, ‘সাজানো বাগান’, ‘কেনারাম বাঁচারাম’, ‘পাখি’সহ আরও বেশ কিছু নাটক ঢাকা ও কলকাতাকেন্দ্রীক নানা দল মঞ্চায়ন করে নিয়মিত। তার জন্ম ১৯৩৮ সালে সাতক্ষীরা জেলায়, তবে ১৯৫০ সাল থেকে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করছেন।
আবৃত্তি সংগঠন হিসেবে পরিচিত হলেও ‘কণ্ঠশীলন’ ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চ নাটক প্রযোজনা করছে। তাদের প্রযোজিত প্রথম তিনটি নাটক নির্দেশনা দেন সদ্যপ্রয়াত খালেদ খান। খালেদ খানের নির্দেশিত নাটক ‘পুতুলখেলা’, ‘ভৃত্য রাজকতন্ত্র’, ‘কারীগর’। ‘রাজা রানী’, ‘হ্যামলেট’ ও ‘উত্তরবংশ’ নামের অন্য তিনটি নাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত, জহিরুল হক খান ও গোলাম সরওয়ার।
