ট্রাভোল্টার বলিউড অভিষেক!
ভারতীয় নির্মাতা শেখর কাপুরের পরবর্তী সিনেমা ‘পানি’তে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মার্কিন অভিনেতা জন ট্রাভোল্টা।
২৫ মার্চ ফ্লোরিডায় আইফা টেকনিক্যাল অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছিলেন ট্রাভোল্টা, তখনই খবরটি নিশ্চিত করেন তিনি।
ট্রাভোল্টা বলেন, “হ্যা, আমাকে একটি সিনেমায় কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে, যা নিয়ে আমি ভেবে দেখছি। যতদূর জানি সিনেমাটি বলিউডি এবং এটির নাম ‘পানি’। পরিচালক শেখর কাপুর আমাকে এতে কাজ করার প্রস্তাব দেন।”
নিজেকে হিন্দি সিনেমার একজন বড় ভক্ত দাবী করে এই ‘গ্রীস’ তারকা বলেন, হিন্দি সিনেমাগুলো হয় খুবই ‘খাঁটি’ এবং ‘প্রাণ প্রাচুর্যে ভরপুর’।
ট্রাভোল্টা আরও বলেন, “ হিন্দি সিনেমা সবসময়ই দর্শকের মনোযোগ টেনে নেয়, সেইসঙ্গে গল্পটি হয় সার্বজনীন। তাই আমি বলিউডের এক বড় ভক্ত।”
‘রাম-লিলা: গোরিও কি রাসলিলা’তে দিপিকার অভিনয়ের প্রশংসা করেন ট্রাভোল্টা। এর মধ্যেই ‘থ্রি ইডিয়টস’, ‘লাগান’ এবং ‘কৃশ’ও দেখেছেন তিনি।
সাইফাই ধাঁচের সিনেমা ‘পানি’তে অভিনয়ের জন্য এর আগে প্রস্তাব দেয়া হয়েছিলো হৃত্বিক রোশনকে, কিন্তু শেষ পর্যন্ত তার কাজ করা হয়ে উঠেনি।
১৯৯৯ সালের অস্কারে ‘সেরা চলচ্চিত্র’সহ আট বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমা ‘এলিজাবেথ’-এর পরিচালক শেখর কাপুরের এগারতম সিনেমা হতে যাচ্ছে ‘পানি’। ‘মিস্টার ইন্ডিয়া’( ১৯৮৭), ‘ব্যান্ডিট কুইন’ (১৯৯৪)-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা শেখর কাপুর অনেকদিন ধরেই সাই-ফাই ঘরানার এই সিনেমাটি নিয়ে কাজ করছেন।
ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন কাপুর নিজে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, চলতি বছরের অগাস্টে শুরু হতে পারে ‘পানি’র শুটিং।
পানি’র কাহিনী গড়ে উঠবে ২০৫০ সালের পটভূমিতে। যেখানে দেখা যাবে, ব্যবহারযোগ্য পানির ব্যাপক অভাব দেখা দিয়েছে বিশ্বজুড়ে। এমন অবস্থায় কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান পৃথিবীজুড়ে পানির সরবরাহ নিয়ন্ত্রণ করছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন অনেক মানুষ।
এতে আরও অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। ‘পানি’ মুক্তি পাবে ২০১৫ সালে।
