আসছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’
সিক্যুয়াল হচ্ছে শাকিব খান-জয়া আহসান জুটির প্রথম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র। তবে থাকছেন না আরেফিন শুভ। পরিচালক সাফিউদ্দিন সাফি গ্লিটজকে এ কথা জানিয়েছেন।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’-এর চিত্রনাট্য লিখছেন রুম্মান রশিদ খান।
সাফি গ্লিটজকে জানান, সেপ্টেম্বরের মাঝামাঝিতে এ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।
সাফি বলেন, “প্রথম সিনেমার সঙ্গে এ সিনেমার গল্পের কোনো মিল থাকবে না। শাকিব খান ও জয়াকে নতুন রূপে হাজির করব। গল্পের অন্য চরিত্রগুলোতেও চমক থাকবে।”
নুসরাত ইমরোজ তিশা ও শাকিব খানকে নিয়ে ‘প্রেম করে আমি মরব’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও তিশা সময় দিতে না পারায় এ বছর শুটিং করতে পারছেন না সাফি।
শাকিব খান অভিনীত ‘হিরো-দ্য সুপারস্টার’, ‘ভালোবাসা এক্সপ্রেস’ নামে দুটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এছাড়া হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ সিনেমাতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন ভারতীয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে।
