২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘ত্রিংশ শতাব্দী’

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সোমবার সন্ধ্যা ৭টায় নাট্য সংগঠন স্বপ্নদলের যুদ্ধভিত্তিক নাটক ‘ত্রিংশ শতাব্দী’র ৬৩তম মঞ্চায়ন হবে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:49 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

বাদল সরকারের মূল রচনা অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এটি স্বপ্নদলের প্রথম প্রযোজনা। নাটকটি ইতোমধ্যে মঞ্চায়নের এক যুগ পূর্ণ করেছে।

নাটকের নির্দেশক জাহিদ রিপন গ্লিটজকে বলেন, “হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি নিয়ে আমাদের এই যুদ্ধভিত্তিক নাটক। এ নাটকের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী চলমান নানা যুদ্ধ ও সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।”

রিপন আরও বলেন, “এ নাটকে নানাবিধ দৃষ্টিকোণ থেকে যুদ্ধবাজদের স্বরূপ এবং তাদের দুষ্কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বিভৎসতার চিত্র উদঘাটিত হয়েছে। সভ্যতা ধ্বংসকারী অনাচার, গণহত্যা, যুদ্ধের বিপরীতে মানবজাতির করণীয় কী সে প্রশ্নের উত্তর মিলবে নাটকে।”

তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হলেও এ নাটকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-- ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে মার্কিন আগ্রাসনের কথাও উঠে এসেছে।

‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলে রাব্বী সুকর্ণ, হাসান রেজাউল, মাধুরী বেপারী সুমি, আমজাদ শরীফ, সামাদ ভুঞা, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

স্বপ্নদল ইতোমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ ও ‘ডাকঘর’, সেলিম আল দীনের ‘হরগজ’ ও ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, কাজী নজরুল ইসলামের ‘পদ্মগোখরো’, মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’, মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’সহ ১৪টি নাটক মঞ্চে এনেছে।