জোহানসন ‘সাপ’, নিয়ঙ্গ’ও ‘নেকড়ে'
এবার সাপের ভূমিকায় মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন। আর নেকড়ে হবেন লুপিতা নিয়ঙ্গ’ও ।
অ্যানিমেটেড মুভি 'দ্য জাঙ্গল বুক’ এ পাইথন সাপ ‘কা’-এর কণ্ঠ দেবেন জোহানসন।
মুভির প্রধান চরিত্র ‘মোগলি'র অন্যতম শত্রু এই সাপ। ‘রাকশা’র চরিত্রে কণ্ঠ দেবেন নিয়ঙ্গ’ও। রাকশা হল সেই নেকড়ে যে শিশু মোগলিকে আশ্রয় দেয় । ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ’-এর পর এটি হবে অস্কারজয়ী নিয়ঙ্গ’ওর তৃতীয় সিনেমা। এর আগে তিনি অভিনয় করেছেন অ্যাকশন মুভি ‘নন স্টপ’-এ। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছর।
ছোট্ট ছেলে ‘মোগলি’কে নিয়েই ‘জাঙ্গল বুক’-এর কাহিনি। ছোটবেলায় ভারতের এক জঙ্গলে হারিয়ে যাওয়ার পর এক নেকড়ের আশ্রয়ে বড় হয় মোগলি। সেখানে তার বন্ধু হয় একটি ভাল্লুক এবং একটি অজগর।
ব্রিটিশ লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা ‘জাঙ্গল বুক’ প্রথম প্রকাশিত হয় ১৮৯৪ সালে। তখন থেকে আজ পর্যন্ত এই কাহিনি নিয়ে নির্মিত হয়েছে কার্টুন সিরিজ, টিভি সিরিজ ও চলচ্চিত্র।
নতুন এই হলিউডি অ্যানিমেটেড মুভিতে মোগলির সবচেয়ে বড় শত্রু মানুষখেকো বাঘ ‘শের খান’-এর কণ্ঠ দেবেন ব্রিটিশ অভিনেতা ইড্রিস এলবা।
তবে মোগলির দুই বন্ধু ভাল্লুক ‘বাল্লু’ এবং অজগর ‘বাঘিরা’র চরিত্রে কারা কণ্ঠ দেবেন, তা এখনও চূড়ান্ত নয়। এমনকি কে হবেন মোগলি তাও জানা যায়নি।
সিনেমাটি পরিচালনা করবেন জন ফ্যাভ্রেউ, চিত্রনাট্য লিখবেন জাস্টিন মার্কস।
২০১৫ সালের ৯ অক্টোবর মুক্তি পাবে ডিজনির ‘জাঙ্গল বুক’।
