সেমন্তীর ‘রাঙিয়ে দিয়ে যাও’
কণ্ঠশিল্পী সেমন্তী মঞ্জরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘রাঙিয়ে দিয়ে যাও’ প্রকাশিত হচ্ছে শুক্রবার। এটি শিল্পীর প্রথম একক অ্যালবাম।
রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের ‘আজি দখিন-দুয়ার খোলা’, ‘তোমায় দোলা’, ‘একি লাবণ্য’, ‘সেই তো বসন্ত’, ‘ফাগুন-হাওয়ায়’, ‘রঙে রঙে’, ‘যদি তারে নাই চিনি গো’, ‘একটুকু ছোঁয়া লাগে’সহ ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের গানগুলোতে যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।
অ্যালবাম প্রসঙ্গে সেমন্তী গ্লিটজকে বলেন, “রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গানের প্রতিই আমার দুর্বলতা বেশি। প্রথম অ্যালবামটি একটি থিম নিয়ে সাজাতে চেয়েছিলাম। তাই প্রকৃতি পর্যায়ের যে গানগুলোতে বসন্ত বন্দনা করেছেন কবিগুরু, আমি সেই গানগুলোই বাছাই করেছি।”
সেমন্তীর গান শেখা শুরু বাবা সোহরাব উদ্দিনের কাছে। এরপর দীর্ঘদিন তালিম নিয়েছেন ছায়ানটে। সেখানে তিনি প্রশিক্ষক হিসেবে পেয়েছেন ওয়াহিদুল হক, সনজীদা খাতুন, লাইসা আহমেদ লিসা, আজিজুর রহমান তুহিন ও শাহেদ ইমামের কাছে। মামি মিতা হকের কাছেও তালিম নিয়েছেন তিনি।
রবীন্দ্রসংগীতের পাশাপাশি সেমন্তী উচ্চাঙ্গসংগীতের প্রতিও আকৃষ্ট হয়ে পড়েছেন। ছায়ানটে রেজওয়ান আলীর কাছে গোয়ালিয়র ঘরানার তালিম নিচ্ছেন তিনি। আরও তালিম নিচ্ছেন ভারতের জয়ন্ত সরকারের কাছে।
সেমন্তী এখন ছায়ানটের রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষক সহকারী হিসেবে কাজ করছেন। এছাড়া রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও সদস্য তিনি।
সেমন্তী বলেন, “তরুণ প্রজন্ম এখন নানা ধরনের গান শুনছে। তাদের মধ্যে বাংলা গান শোনার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে। আর যে বাংলা গানগুলো শুনছে সেগুলোও পাশ্চাত্য দোষে দুষ্ট। বাংলায় সংগীতের ভাণ্ডার যে কত সমৃদ্ধ সে কথা ওরা জানে না। তরুণদের মধ্যে বাংলা গান ছড়িয়ে দিতে আমি কাজ করব।”
বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘রাঙিয়ে দিয়ে যাও’ অ্যালবামটি শনিবার থেকে বাজারে পাওয়া যাবে।
