২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চৈত্রসংক্রান্তি ও নববর্ষে শিল্পকলায় অনুষ্ঠান

চৈত্রসংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 03:33 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

রোববার ‘চৈত্র সংক্রান্তি’ অনুষ্ঠানে শিল্পকলার সঙ্গে সহযোগিতা করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এদিন সন্ধ্যা ৬টায় একাডেমির মুক্তমঞ্চে শুরু হবে এ অনুষ্ঠান।

‘চৈত্র সংক্রান্তি’ অনুষ্ঠানে থাকছে বংশীবাদন, সমবেত সংগীত, পুতুল নাচ, একক সংগীত, আবৃত্তি, নৃত্যালেখ্য, সরোদবাদন, সংযাত্রা এবং গম্ভীরা।

বাঁশির সুরে শুরু হবে এ অনুষ্ঠান। তারপর সমবেত সংগীত পরিবেশন করবে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা।

এরপর পুতুল নাচ পরিবেশন করবে একাডেমির রেপার্টরি দল। এতে সংযাত্রা প্রদর্শন করবে টাঙ্গাইলের দল ভাদাইমা। গম্ভীরা উপস্থাপন করবেন চাঁপাইনবাবগঞ্জের শিল্পীরা।

একক সংগীত পরিবেশন করবেন সেলিনা আক্তার চুমকি, জমসের আলী বয়াতি, ইতি আক্তার, আলম দেওয়ান, মামুন, মিনু বাউল। আবৃত্তি করবেন ভাস্বর বন্দোপাধ্যায়,হাসান আরিফ, ঝর্ণা সরকার।

অনুষ্ঠানে রায়বেশে সমবেত নৃত্য প্রদর্শন করবে সামিনা হোসেন প্রেমার দল। আরও থাকছে নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনা।

সরোদ বাজিয়ে শোনাবেন ওস্তাদ শাহাদাৎ হোসেন খান।

সোমবার সন্ধ্যা ৬টায় শুরু হবে পহেলা বৈশাখের অনুষ্ঠান ‘বাংলা নববর্ষ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরী দলের সমবেত সংগীতের মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করবেন সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কৃষ্টি হেফাজ এবং ডালিয়া আহমেদ।

এ অনুষ্ঠানে ‘নাইয়া নাইয়া’ এবং ‘বাজেরে ঢোল আর ঢাক’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে নাচের দল বাংলার মাটি। নৃত্য পরিচালনা করবেন আইরিন পারভিন। ‘রবীন্দ্র’ ও ‘নজরুল’ নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয়। থাকছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নৃত্যদল পাপড়ির দলীয় পরিবেশনা।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করবেন অনিমা মুক্তি গোমেজ, আমজাদ দেওয়ান, বেবী আক্তার, সুভাষ শর্মা,রহিমা খাতুন, এম.এ. মোমিন, রীনা আমিন। অনুষ্ঠানে আদিবাসীদের গান শোনাবেন মনজিলা দেওয়ান। সমবেত সংগীত পরিবেশন করবে নবগীতিকা।

অনুষ্ঠানে পুঁথিপাঠ করবেন মুন্সিগঞ্জের শিশির রহমান।