বেঙ্গল ফাউন্ডেশনে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখী উৎসব
চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন । উৎসবে লোকগানের পাশাপাশি থাকছে পঞ্চকবির গানের আসর। আরও থাকছে আবৃত্তির আসর।
বেঙ্গল ফাউন্ডেশনের ধানমন্ডি কার্যালয়ে উৎসব শুরু হবে রোববার সন্ধ্যা ৬টায়। চৈত্রসংক্রান্তি উপলক্ষে আয়োজিত উৎসব শুরু হবে ফাইজুর রহমানের দোতরার সুরে।
এদিন নজরুলসংগীত ও রাগপ্রধান গান পরিবেশন করবেন সুস্মিতা দেবনাথ শুচি, ফারহানা রহমান কান্তা,
শহিদ কবির পলাশ, শিমু দে, অনিন্দিতা চৌধুরী। লোকগান শোনাবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার।
অনুষ্ঠানে সরোদ বাজিয়ে শোনাবেন রাজরূপা চৌধুরী।
বৈশাখী উৎসব শুরু হবে সোমবার সকাল ১০টায়। লিটন ও তার দলের ঢাকের বাদ্যে নববর্ষকে স্বাগত জানাবে বেঙ্গল ফাউন্ডেশন।
বৈশাখী উৎসবের প্রথম পর্বে লোকগান পরিবেশন করবে সফিউল আলম রাজা, হালিমা পারভীন, সিদ্দিকুর রহমান, ভজন বাউল।
সন্ধ্যা ৬টায় উৎসবের দ্বিতীয় পর্ব শুরু করবেন বংশীবাদক মুর্তজা কবির মুরাদ। এরপর রাগপ্রধান গানের দলীয় পরিবেশনা করবেন শর্মিলা মজুমদার, বর্ষা মজুমদার, সুপ্রিয়া দাশ, প্রিয়াঙ্কা দাস। আধুনিক বাংলা গান শোনাবেন নাহিদ সুলতানা, সুমনা রহমান, ঝুমা খন্দকার।
গানের আসরের ফাঁকে আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
এ অনুষ্ঠানে পঞ্চকবির গান পরিবেশন করবেন শারমিন সাথী ইসলাম, সুমন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, বুলবুল ইসলাম, শামা রহমান।
মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ফিরোজ খানের সেতারবাদনের পর আবৃত্তি করবেন হাসান আরিফ। রবীন্দ্রনাথ, তিন কবি এবং পুরনো দিনের বাংলাগান শোনাবেন অদিতি মহসিন, মিতা হক, সাদী মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফফাত আরা দেওয়ান। লালনগীতি শোনাবেন ফরিদা পারভীন।
