২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেড চিলিসকে স্টুডিও বানাবেন শাহরুখ

শাহরুখ খান তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টকে বর্ধিত করে সেটিকে স্টুডিওতে রূপান্তরের পরিকল্পনা করছেন। তার পরিকল্পনা অনুসারে ওই স্টুডিওতে বছরে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করা হবে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:19 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

মুম্বাই মিরর জানায়, শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খানের রেড চিলিজ দারুণ জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে।

ইতোমধ্যেই ব্যবসা সফল বেশ কিছু বলিউডি সিনেমাও নির্মিত হয়েছে ওই প্রতিষ্ঠানের ব্যানারে। আর এই সাফল্যের পর এবার শাহরুখ উদ্যোগ নিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি বর্ধিত করে সেখানে স্টুডিও নির্মাণের।

রেড চিলিজের ব্যানারে মূলত শাহরুখ অভিনীত বা প্রযোজিত সিনেমাগুলো নির্মিত হয়ে আসছে। তবে সে ধারা পাল্টে যে কোনো ভালো সিনেমা-ই ওই স্টুডিওতে নির্মাণের পরিকল্পনা করছেন শাহরুখ।

শাহরুখ এবং তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনকি মেসোরের পরিকল্পনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্টকে স্টুডিওতে রূপান্তর করা হবে।

কিছুদিন আগেই ডিজনি ইউটিভির নির্বাহী পরিচালক গৌরব ভার্মাকে রেড চিলিজের প্রধান রাজস্ব কর্মকর্তার পদে নিয়োগ দেওয়া হয়। তিনি রেড চিলিজের সিনেমাগুলোর বিশ্বব্যাপী প্রচারণার বিষয়টি নিয়ে কাজ করছেন।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, রেড চিলিসকে স্টুডিওতে রূপান্তরের জন্য সব ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে। আর এ ক্ষেত্রে কোনো চেষ্টাই বাকি রাখবেন না শাহরুখ।

২০০০ সালে শাহরুখ এবং জুহি চাওলা অভিনীত ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু করে রেড চিলিস। প্রথম সিনেমাটি তেমন সাড়া জাগাতে না পারলেও দীর্ঘ ১৪ বছরে এ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে শাহরুখ অভিনীত বেশকিছু আলোচিত সিনেমা।

এ তালিকায় রয়েছে ‘অশোকা, ‘চলতে চলতে’, ‘ম্যায় হু না’, ‘কাল’, ‘পেহেলি’, ‘ওম শান্তি ওম’, ‘মাই নেম ইজ খান’, ‘বিল্লু’, ‘রা ওয়ান’, ‘ডন টু’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’। রেড চিলিজের ব্যানারে অন্যতম সফল সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’। রোহিত শেঠির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন।

রেড চিলিজের ব্যানারে ফারাহ খানের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি। এ সিনেমাতেও শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা। আরও আছেন অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সনু সুদ। সিনেমাটি মুটি পাবে ২৩ অক্টোবর দিওয়ালির মৌসুমে।