২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও সন্তান চান ডেপ

হলিউডি অভিনেতা জনি ডেপ শিশুদের এত ভালোবাসেন যে, দুই সন্তান থাকা সত্ত্বেও আরও ‘শত সন্তানের’ বাবা হতে চান তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 05:16 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

সাবেক প্রেমিকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে ইতোমধ্যেই দুই সন্তানের বাবা হয়েছেন ডেপ। তার মেয়ে লিলি রোজের বয়স ১৪ বছর। আরও আছে ১১ বছর বয়সী ছেলে জ্যাক।

৫০ বছর বয়সী ডেপ শিশুদের খুবই পছন্দ করেন। সম্প্রতি আরও অনেক সন্তানের বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

পিটিআই জানায়, সম্প্রতি লন্ডনে এক অনুষ্ঠানে ডেপ বলেন, “আমি শিশুদের খুবই পছন্দ করি। আমার দুই সন্তান আছে, যারা খুবই চমৎকার। আমি ১০০ সন্তানের বাবা হতে চাই।”

ভেনেসা প্যারাডিসের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকে ২৭ বছর বয়সী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে প্রেম করছেন ডেপ। সম্প্রতি হার্ডকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন এই অভিনেতা। তবে ডেপ জানান, বিয়ের অনুষ্ঠানের যাবতীয় পরিকল্পনা হবু স্ত্রীর উপর ছেড়ে দিতে চান তিনি।

কৌতুক করে ডেপ বলেন, “বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার চেয়ে যদি আমি মেয়েদের জুতো তৈরির কাজ করি, মনে হয় তাও ভালো পারব। আসলে আমি কোনোকিছু পরিকল্পনা করতে পারি না। এই বিষয়ে বড় আনাড়ি আমি।”

চলতি বছরের জানুয়ারিতে হার্ডের আঙুলে আংটি দেখার পর হলিউডজুড়ে গুঞ্জন ওঠে, বাগদান করেছেন এই তারকা জুটি। তবে আনুষ্ঠানিকভাবে কখনও এই বিষয়ে কিছু বলেননি তারা।

২০১১ সালে ‘র‌্যাম ডায়েরি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় অ্যাম্বার হার্ড এবং জনি ডেপের। এর একবছর পর ভেনেসা প্যারাডিসের সঙ্গে সম্পর্ক ভাঙেন তিনি, যার সঙ্গে ১৪ বছর ধরে প্রেম করছিলেন ডেপ।

প্যারাডিসের দুই সন্তানের বাবা হওয়ার পরও তাকে বিয়ে করেননি এই অভিনেতা।