২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডে আগ্রহী সোনাক্ষি

হলিউডে অভিনয় করতে চান বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তার পছন্দের হলিউডি অভিনেতার তালিকায় শীর্ষে রয়েছেন টম ক্রুজ, জর্জ ক্লুনি এবং ব্র্যাড পিট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 03:49 PM

Updated : 13 Oct 2022, 11:59 AM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউডি অ্যানিমেশন সিনেমা ‘রিও টু’-এর হিন্দি ভার্সনে জুয়েল চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষি।

শুধু তাই নয় সিনেমাটিতে একটি গানও গেয়েছেন তিনি। আর এই সুযোগের জন্য দারুণ আনন্দিত ‘দাবাং’-খ্যাত ওই অভিনেত্রী।

সোনাক্ষি ৭ এপ্রিল ‘স্মাইল ফাউন্ডেশন’-এর বাচ্চাদের জন্য ‘রিও টু’ সিনেমাটি প্রদর্শনের আয়োজন করেন। আর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই অভিনেত্রী।

তিনি বলেন, “সিনেমাটিতে কাজ করতে পেরে দারুণ লাগছে আমার। হলিউডি সিনেমায় কাজের সুযোগ পেলে আমি অবশ্যই অভিনয় করব। আমি জর্জ ক্লুনি, ব্র্যাড পিট এবং টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চাই।”

‘রিও টু’-এ ম্যাকাও জুয়েলের চরিত্রতে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষি। অন্য ম্যাকাও চরিত্র ব্লু-এর কণ্ঠ দিয়েছেন অভিনেতা ইমরান খান।

এ বিষয়ে সোনাক্ষি বলেন, “আমার জুয়েল চরিত্রটিতে কণ্ঠ দিতে দারুণ লেগেছে। কারণ ‘রিও টু’ দারুণ মজার একটি সিনেমা। আর আমার মনে হয়েছে জুয়েল এবং ব্লু-- এ চরিত্র দুটির জন্য আমার এবং ইমরানের কণ্ঠ নিখুঁতভাবে মানিয়ে গেছে।”

সিনেমাটির ইংরেজি ভার্সনে ওই চরিত্র দুটির কণ্ঠ দিয়েছেন অ্যান হ্যাথওয়ে এবং জেসি আইসেনবার্গ।

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে অ্যাডভেঞ্চার কমেডিভিত্তিক ওই অ্যানিমেশন সিনেমার কাহিনি। দুটি ম্যাকাওকে নিয়েই এই সিনেমা।

২০১১ সালের হিট সিনেমা ‘রিও’-এর সিকুয়েল এটি। ২০ মার্চ ভারতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সোনাক্ষি অভিনীত বলিউডি সিনেমা ‘হলিডে: এ সোলজার নেভার আউট অফ ডিউটি’। ৬ জুন মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটিতে সোনাক্ষির সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। দীর্ঘ বিরতির পর সিনেমাটিতে দেখা যাবে অভিনেতা গোবিন্দকেও।

সোনাক্ষি বর্তমানে ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ সিনেমার কাজে ব্যস্ত ।

অমিত তিওয়ারির পরিচালনায় বনি কাপুর এবং সঞ্জয় কাপুর প্রযোজিত ‘তেভার’ সিনেমাতে অভিনয় করছেন সোনাক্ষি, অর্জুন, মনোজ বাজপাই।

চলতি বছর ২১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে সিনেমাটির শুটিং শুরু হয়। মুম্বাই, আগ্রা ও মথুরায়ও হবে সিনেমাটির শুটিং। সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।