অজ্ঞাত কারণে মারা গেলেন গেলডফ
ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন ব্যক্তিত্ব পিচেস গেলডফ চলে গেছেন না ফেরার দেশে। পুলিশি প্রতিবেদন অনুযায়ী, ‘অজ্ঞাত’ কারণে ৭ এপ্রিল মারা যান তিনি।
কন্টাক্ট মিউজিকের প্রতিবেদন অনুযায়ী, গেলডফ মাত্র ২৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭ এপ্রিল মারা যাওয়ার পর এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি। হাসপাতালে নেওয়ার পরই তাকে মৃত বলে ঘোষণা দেন চিকিৎসক।
কেন্ট পুলিশ জানায়, গেলডফের হঠাৎ মৃত্যুর কারণ এখনও কারও জানা নেই। তবে তার মৃত্যুর সময়কার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুসন্ধান করে তারা এর কারণ বের করার পরিকল্পনা করছেন।
আইরিশ মিউজিশিয়ান এবং লাইভ এইডের সংগঠক বব গেলডফের মেয়ে ছিলেন পিচেস গেলডফ। কয়েক বছর আগে তার মা পলা গেলডফ মারা যান মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে। পলাও ছিলেন একজন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব।
‘ওএমজি! টোটালি পিচেস’ টিভি শো-এর জন্য জনপ্রিয় ছিলেন গেলডফ। ব্রিটেনের একটি টিভি চ্যানেলে প্রচারিত হত শোটি। এতে একটি প্যানেলে দর্শকরা তাদের সমস্যার সমাধান পেয়ে থাকতেন।
১৯৮৯ সালে ১৩ মার্চ লন্ডনে জন্ম নেন বব গেলডফের দ্বিতীয় কন্যা পিচেস।
২০০৪ সালে যুক্তরাজ্যের এলি গার্ল ম্যাগাজিনে কলাম লেখক হিসেবে কাজ শুরু করেন তিনি।
২০০৫ সালে ওই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যায়।
এরপর ১৪ বছর বয়সে সাপ্তাহিক ম্যাগাজিন ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এ তিনি সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে কলাম লেখা শুরু করেন।
২০০৬ সালে যুক্তরাজ্যের স্কাই ওয়ান চ্যানেলে পিচেসের নিজের শো-এর প্রচার শুরু হয়। ‘পিচেস গেলডফ: টিন আমেরিকা’ শোটির মধ্য দিয়ে নিজেকে টেলিভিশন জগতে প্রতিষ্ঠা করেন তিনি।
এরপর ২০০৭ সালে মডেল হিসেবে লন্ডন ফ্যাশন উইকের র্যাম্পে হাঁটেন তিনি। অস্ট্রেলিয়ার ফ্যাশন লাইন ‘ডট্টি’-এর অ্যাম্বাসেডর হিসেবেও তিনি কাজ করেছিলেন।
২০০৮ সালে প্রথম বিয়ে করেন পিচেস। তবে ২০১১ সালেই বিচ্ছেদ ঘটে তার। ২০১২ সালে থমাস কোহেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পিচেস। কোহেনের সঙ্গে বিয়ের পর পিচেস জন্ম দেন দুই ছেলের।
