২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহিদের বিপরীতে আলিয়া

টিনসেলে জোর গুজব, ভিকাস বেহেলের পরবর্তী সিনেমা ‘শান্দার’-এ বলিউডি অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2014, 03:53 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

‘শান্দার’ সিনেমার জন্য শাহিদ কাপুরকে বেছে নিয়েছেন ভিকাস অনেকদিন আগেই। আর সম্প্রতি শাহিদের বিপরীতে আলিয়াকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

ভিকাস বলেন, “শাহিদের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি করেছি আমরা। তার বিপরীতে আলিয়াকে চাইছিলাম আমি। তবে এখনও চিত্রনাট্য নিয়ে কাজ করছি আমরা। তাই এখনই আলিয়ার সঙ্গে কথা বলার সময় আসেনি।”

আলিয়াও এরই মধ্যে ভিকাসের এই ইচ্ছার কথা জেনে গেছেন। তবে ভিকাস তাকে প্রস্তাব না দেওয়া পর্যন্ত তিনিও মুখ খুলবেন না বলেই জানিয়েছেন ‘হাইওয়ে’-খ্যাত ওই অভিনেত্রী।

আলিয়া বলেন, “আমি এখনই এ বিষয়ে কথা বলতে চাইছি না। যখন এ বিষয়ে জানানোর সময় হবে তখন সকলেই জানতে পারবেন।”

তবে, সুযোগ পেলে শাহিদের সঙ্গে কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ওই অভিনেত্রী।

তিনি বলেন, “শাহিদ অসাধারণ একজন অভিনেতা। বলিউডের সেরা নাচিয়েদের মধ্যে তিনি একজন। সুযোগ পেলে তার সঙ্গে অবশ্যই কাজ করতে চাই।”

সব ঠিকমতো এগিয়ে গেলে চলতি বছরের আগস্ট মাসে ‘শান্দার’ সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

‘আর...রাজকুমার’ সিনেমার পর বর্তমানে শাহিদ ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘হায়দার’ সিনেমার শুটিংয়ে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। শাহিদ বরাবরই নতুন মুখের সঙ্গে অভিনয়ের জন্য পরিচিত। ‘ফাটা পেস্টার সে নিকলা হিরো’ সিনেমায় ইলিয়ানা ডি. সুজা, এরপর সোনাক্ষি সিনহা, শ্রদ্ধার পর এবার তিনি জুটি বাঁধবেন আলিয়ার বিপরীতে।

২১ বছর বয়সী আলিয়া অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে এখনও পর্যন্ত। তার অভিনীত প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’; ২০১২ সালের ওই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছিলেন ভারুন ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা।

আলিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাইওয়ে’। ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমায় অপহৃত এক টিনএজ মেয়ের ভূমিকায় অভিনয় করে দর্শক এবং সমালোচক-- দুই মহলেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর পরপরই বেশ ভালো কিছু কাজের প্রস্তাব পেয়েছেন ওই অভিনেত্রী।

আলিয়া বর্তমানে ব্যস্ত তার তৃতীয় সিনেমার প্রচারণায়। অভিষেক বর্মন পরিচালিত ‘টু স্টেটস’ সিনেমাটিতে জুটি বেঁধেছেন আলিয়া এবং অর্জুন কাপুর। সিনেমাটি কাহিনি সাজানো হয়েছে ভারতের দুটি প্রদেশের মধ্যে প্রেম এর এর সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে। সিনেমায় তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন অমৃতা সিং এবং রনিত রয়।

রোমান্টিক কমেডি ভিত্তিক সিনেমাটি মুটি পাবে ১৮ এপ্রিল।