২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজিরাও মাস্তানি’তে রানভির-দীপিকা

রাম-লীলার পর এবার পরিচালক সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘বাজিরাও মাস্তানি’তে একসঙ্গে দেখা যাবে পর্দাজুটি রানভির সিং এবং দীপিকা পাড়ুকোনকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2014, 07:01 PM

Updated : 01 Sep 2026, 12:45 PM

বলিউডি নির্মাতা বনসালির ‘ড্রিম প্রজেক্ট’ ছিল ঐতিহাসিক প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’। দীর্ঘ ১৪ বছর পর অবশেষে পর্দার বাজিরাও এবং মাস্তানিকে খুঁজে পেয়েছেন এই নির্মাতা।

জি মিডিয়া ব্যুরো জানায়, মারাঠা সম্রাট বাজিরাও পেশোয়া এবং তার স্ত্রী মাস্তানির ভূমিকায় এবার অভিনয় করবেন ‘রাম-লীলা’ জুটি রানভির এবং দীপিকা।

বেশকিছু সময় ধরে সারা বলিউডে চলছিল গুঞ্জন, কে হবেন বাজিরাও। অভিনেতাদের এই দীর্ঘ তালিকায় প্রথম সারিতে শোনা গেছে শাহরুখ খান এবং অজয় দেবগনের নাম।

শেষমেশ বলিউডের সব রাঘব-বোয়ালদের পেছনে ফেলে এই সুযোগটি লুফে নিয়েছেন নতুন প্রজন্মের অভিনেতা রানভির সিং।

আর মাস্তানির চরিত্রের জন্য বিবেচনায় এসেছিলেন কারিনা কাপুর এবং ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীরা।

উলে­খ্য, ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’তে একসঙ্গে অভিনয় করেছিলেন রানভির-দীপিকা। ড্রামা ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করেছেন বনসালি নিজে।

এক সূত্রের বরাতে জি মিডিয়া ব্যুরো জানায়, মাস্তানির চরিত্রে অনেক আগে থেকেই দীপিকাকে নিতে চাচ্ছিলেন বনসালি। কিন্তু নিজের ব্যস্ত শিডিউলের মাঝে শুধুমাত্র একটি সিনেমার পেছনে দীর্ঘ সময় দেওয়া সম্ভব হয়নি দীপিকার। বিশেষ করে কারান জোহরের সিনেমা ‘শুদ্ধি’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার কারণে চলতি বছরের ১৫০ দিন এই একটি সিনেমাতেই কাজ করতে হবে তার।

সূত্রটি আরও জানায়, পরবর্তীতে নিজের শিডিউলের মাঝে সময় বের করে নিয়েছেন দীপিকা। আর মাস্তানির চরিত্রে অভিনয়ের জন্য রাজি হয়েছেন।

ষোড়শ শতকে ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রধান বাজিরাও পেশোয়া এবং তার স্ত্রী মাস্তানির প্রেম নিয়ে গড়ে উঠবে এই সিনেমার কাহিনি।

রানভির-দীপিকা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। বাজিরাওয়ের প্রথম স্ত্রী ছিলেন কাশিবাই, যার চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।

কাশিবাইয়ের সঙ্গে বিয়ের কয়েক বছর পর মাস্তানির সঙ্গে পরিচয় হয় বাজিরাওয়ের, পরবর্তীতে তারা বিয়ে করেন।

বাজিরাও মারা যাওয়ার কিছুদিন পরে আত্মহত্যা করেন শোকাহত মাস্তানি। তাদের প্রেমের কাহিনিকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম দুঃখজনক প্রেমকাহিনি বলা হয়।