অর্জুনের প্রশংসায় সোনাক্ষি
সহশিল্পী অর্জুন কাপুরের প্রশংসায় পঞ্চমুখ সোনাক্ষি সিনহা। ‘তেভার’ সিনেমায় প্রথমবারের মতো বলিউডি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আর শুটিংয়ের সময় অর্জুনের আচরণে মুগ্ধ ওই অভিনেত্রী।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে সোনাক্ষি বলেন, অর্জুনকে খুবই সম্মান করেন তিনি। অর্জুন সকলের সঙ্গেই খুব আন্তরিক। কিন্তু কারও সঙ্গেই ‘প্রয়োজনের বেশি’ বন্ধুত্ব করেন না। তবে সময় কাটানো এবং কাজ করার ক্ষেত্রে তিনি খুবই ভালো একজন সহকর্মী।
২৬ বছর বয়সী ‘দাবাং’-খ্যাত ওই অভিনেত্রী বলেন, “অর্জুন কাজের সময় দারুণ প্রফেশনাল। সহকর্মী হিসেবেও খুব ভালো তিনি। বাবার প্রযোজনায় কাজ করার পরও সব বিষয়েই প্রফেশনাল ব্যবহার বজায় রেখেছিলেন।”
প্রযোজক বনি কাপুরের ছেলে অর্জুন এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষি দুজন ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। সোনাক্ষি, অর্জুন এবং তার কাজিন সোনাম কাপুর একই স্কুলে পড়েছেন।
সোনাক্ষি বলেন, “আমি ও অর্জুন একই স্কুলে পড়তাম। রিয়া এবং সোনমও ওই স্কুলে পড়ত। তবে কখনও আমরা বন্ধু ছিলাম না। আমাদের মধ্যে সাধারণ কথাবার্তার বাইরে বেশি কিছু হত না।”
অমিত তিওয়ারির পরিচালনায় বনি কাপুর এবং সঞ্জয় কাপুর প্রযোজিত ‘তেভার’ সিনেমায় অভিনয় করেছেন সোনাক্ষি, অর্জুন এবং মনোজ বাজপাই।
চলতি বছর ২১ জানুয়ারি রাজস্থানের জয়পুরে সিনেমাটির শুটিং শুরু হয়। মুম্বাই, আগ্রা ও মথুরায়ও হবে সিনেমাটির শুটিং। সিনেমাটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
সিনেমার শুটিংয়ের পাশাপাশি বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে ‘টু স্টেটস’ সিনেমার প্রচারণায় ব্যস্ত অর্জুন। আর সোনাক্ষি ব্যস্ত আছেন ‘হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে সোনাক্ষির সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার।
