২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিক’ সিনেমায় নাওয়াজউদ্দিন 

শাহরুখ খানের সঙ্গে ‘রাইস’এর চুক্তি স্বাক্ষরের পর এবার নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাবে সালমান খানের সিনেমায়। ‘কিক’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সালমান খানের সঙ্গে অভিনয় করবেন নাওয়াজউদ্দিন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 05:29 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সালমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা।

নাওয়াজউদ্দিন বলেন, “এখনই আমার অভিনীত চরিত্র সম্পর্কে কিছু বলতে নিষেধ করা হয়েছে। তবে সালমান খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত। তিনি অনেক বড় মাপের তারকা যিনি চমৎকার সব সিনেমায় কাজ করছেন।”

সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালনায় নির্মিতব্য ‘কিক’ সিনেমাটি হবে অ্যাকশন-কমেডি ধাঁচের। এর চিত্রনাট্য লিখেছেন ভারতীয় লেখক চেতন ভাগাত।

হিন্দি সিনেমা যারা নিয়মিত দেখেন, অভিনেতা নাওয়াজউদ্দিন তাদের কাছে অপরিচিত কেউ নন। আয়ের দিক থেকে প্রথম সারির না হলেও অভিনেতা হিসেবে বরাবরই সমাদৃত হয়েছেন তিনি।

নাওয়াজউদ্দিনের ক্যারিয়ার শুরু হয় ১৯৯৯ সালে ‘সারফারোশ’ সিনেমার মাধ্যমে। এরপর ‘পিপলি লাইভ’, ‘গ্যাংস অফ ওয়েসেপুর’, ‘পান সিং তোমার’এর মতো সিনেমায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আমির খানের সঙ্গে ‘তালাশ’, বিদ্যা বালানের সঙ্গে ‘কাহানি’র মতো সিনেমায় অভিনয় করে সাধারণ দর্শকের মন জয় করেন নাওয়াজউদ্দিন। এই দুই সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন তিনি।

২০১৩ সালে ‘বোম্বে টকিজ’এ অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। অস্কার দৌড়ে নেমেছিল তার অভিনীত সিনেমা ‘লাঞ্চবক্স’।

স¤প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘রাইস’এ কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাওয়াজউদ্দিন। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে, যেখানে অভিনয় করার কথা ছিল ফারহান আখতারের।

নাওয়াজ কাজ করছেন নতুন সিনেমা ‘দ্য মিউজিক টিচার’এ। এখানে তিনি অভিনয় করবেন ভারতের এক প্রখ্যাত সংগীতশিল্পীর ভূমিকায়। পরিচালক সার্থক দাশগুপ্তার এই সিনেমার জন্য সংগীতের তালিম নিচ্ছেন নাওয়াজ।

সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত অ্যাকশন কমেডি ধাঁচের সিনেমা ‘কিক’ মুক্তি পাবে চলতি বছরের ২৭ জুলাই। এতে সালমানের বিপরীতে অভিনয় করবেন জ্যাকলিন ফারনান্দেজ।