বন্ড ভিলেইন হচ্ছেন এজিওফোর?
‘বন্ড ভিলেন’ হিসেবে এবার দেখা যেতে পারে অস্কার মনোনয়নপ্রাপ্ত ব্রিটিশ অভিনেতা চুয়েটেল এজিওফোরকে।
এক সূত্রের বরাতে ভ্যারাইটি জানায়, জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য এজিওফোরকেই প্রথম পছন্দ হিসেবে দেখছেন নির্মাতারা। তবে এখনও তাকে দেওয়া হয়নি আনুষ্ঠানিক কোনো প্রস্তাব। তাই এবিষয়ে এখনই মুখ খুলতে রাজি নয় সনি স্টুডিও।
বন্ড সিরিজের এবারের কিস্তিতেও মূলচরিত্রে থাকছেন ড্যানিয়েল ক্রেইগ। সঙ্গে থাকবেন র্যা ল্ফ ফিয়েনেস, বেন উইশো এবং নাওমি হ্যারিস।
সিরিজের সর্বশেষ সিনেমা ‘স্কাইফল’-এর পরিচালক ছিলেন স্যাম মেন্ডেজ। এবারের সিনেমাটিও পরিচালনা করছেন তিনি। প্রযোজনা করবেন বারবারা ব্রকোলি এবং মাইকেল উইলসন, চিত্রনাট্য লিখবেন জন লোগান।
‘স্কাইফল’-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারডেম। বারডেমের সাফল্যের পর এ ধরনের কোনো ব্যক্তিত্বকে নিয়ে নতুন সিনেমায় কাজ করতে চাইছেন নির্মাতারা।
‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’ সিনেমায় যদিও ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এজিওফোর, কিন্তু খলনায়কের ভূমিকায়ও দেখা গেছে তাকে, ‘চিলড্রেন অফ মেন’ এবং ‘ফোর ব্রাদার্স’-এ।
এবারের বন্ড গার্ল কে বা কারা হবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে একজন ইউরোপিয়ান এবং একজন ব্রিটিশ নারীকে বন্ড গার্লের ভূমিকায় নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা।
ভ্যারাইটি আরও জানায়, ২০১৫ সালের ৬ নভেম্বর নির্ধারিত হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। আর তাই চলতি বছরের গরমের মৌসুমে শুরু হবে এর শুটিং।
চলতি বছরে ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’-এর জন্য অস্কার মনোনয়ন পাওয়া অভিনেতা এজিওফোর রূপালি পর্দায় আসেন স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘অ্যামিস্টাড’-এর মাধ্যমে। পরবর্তীতে ২০০২ সালের সিনেমা ‘ডার্টি প্রিটি থ্রি’-এর মাধ্যমে সবার নজরে আসেন তিনি। ১৯ বছরের ক্যারিয়ারে তার অর্জন দুটি বাফটা অ্যাওয়ার্ড এবং একটি গোল্ডেন গ্লোব মনোনয়ন।
বর্তমানে নতুন সিনেমা ‘জেড ফর জাকারিয়াহ’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন এজিওফোর। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে ক্রিস পাইন এবং মারগট রবিকে। নির্মাতা জন হিলোক্যাটের সিনেমা ‘ট্রিপল নাইন’এ কাজ করছেন তিনি।
