২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাও আই মেট ইয়োর মাদার’ নিয়ে অসন্তুষ্ট ভক্তরা

জনপ্রিয় টিভি শো ‘হাও আই মেট ইয়োর মাদার’-এর সমাপ্তি নিয়ে ছয় হাজারেরও বেশি অসন্তুষ্ট ভক্ত এবার অনলাইনে পিটিশন করছেন, যেন সিরিজটির কাহিনি নতুনভাবে শেষ করা হয়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2014, 05:40 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

হলিউড লাইফ জানায়, ৩১ মার্চ সিবিএস টিভিতে প্রচারিত হয় কমেডি সিটকম ‘হাও আই মেট ইয়োর মাদার’-এর শেষ পর্ব।শুধুমাত্র আমেরিকায় সেদিন অনুষ্ঠানটি দেখেছেন ১ কোটি ২৯ লাখ দর্শক। কিন্তু নয়টি সিজন শেষে কাহিনির এ রকম পরিসমাপ্তি নিয়ে ভক্তদের একাংশ খুবই হতাশ।

সিজন ফিনালে প্রচারিত হওয়ার পরপরই পিটিশন সাইট ‘চেঞ্জ ডট অরগানাইজেশন’-এ পিটিশন করেন শোটির ভক্তরা।

এই পিটিশনের মাধ্যমে অনুষ্ঠানের দুই নির্মাতা কার্টার বেস এবং ক্রেইগ থমাসের কাছে তারা অনুরোধ করেছেন, শেষ পর্বটির চিত্রনাট্য আরও একবার লিখে তা নতুন করে শুটিং করার জন্য।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৬ হাজার ৭২৫ ভক্ত এই পিটিশনে স্বাক্ষর করেছেন।

২০০৫ সালে শুরু হওয়া রোমান্টিক কমেডি সিটকম ‘হাও আই মেট ইয়োর মাদার’-এ দেখা যায় ত্রিশোর্ধ্ব কয়েকজন বন্ধুর জীবনের গল্প। তবে এর মূল কাহিনি গড়ে উঠেছে শোটির কেন্দ্রীয় চরিত্র টেড মোসবিকে ঘিরে, যেখানে তিনি তার সন্তানদের জানান কীভাবে তাদের মায়ের সঙ্গে তার পরিচয় হয়।

নয়টি সিজনের প্রায় পুরোটা সময়ই দর্শকের জন্য প্রধান আকর্ষণ ছিল টেড মোসবির স্ত্রী কে হবেন, কেমন হবে তাদের দাম্পত্য জীবন-- এসব ঘিরে। কিন্তু সিজন ফিনালেতে দেখা যায়, অসুস্থ হয়ে মারা গেছেন মোসবির স্ত্রী। অবশেষে দীর্ঘদিনের বান্ধবী রবিনের সঙ্গে নতুন জীবন শুরু করেন মোসবি।

‘হাও আই মেট ইয়োর মাদার’এর এক ভক্তের মতে, অনুষ্ঠানটির শেষ পর্বে তারা আশা করেছিলেন স্ত্রীর সঙ্গে সুখী হবেন টেড। কিন্তু সিজন ফিনালের পুরো পর্বে মোসবির স্ত্রীকে ক্যামেরার সামনেই খুব কম দেখা গেছে।

ভক্তদের অভিযোগ, পুরো পর্বতেই দেখা গেছে মোসবির দুই বন্ধু বার্নি এবং রবিনের কাহিনি। এমনকি শেষমেশ রবিনের সঙ্গেই  পরিণয় ঘটেছে টেডের।

এদিকে এই পিটিশনের খবর জানার পর ভক্তদের নিরাশ না হতে বলেছেন ‘হাও আই মেট ইয়োর মাদার’-এর নির্মাতারা।

ডেডলাইন জানায়, সিজন ফিনালের এই পর্বতেই শেষ হবে না ‘হাও আই মেট ইয়োর মাদার’-এর কাহিনি। শীঘ্রই প্রকাশিত হবে এই সিরিজের ডিভিডি সেট, যেখানে থাকবে ভক্তদের জন্য বিশেষ চমক।

তবে ঠিক কী ধরনের চমক অপেক্ষা করছে ভক্তদের জন্য, তা এখনই প্রকাশ করতে রাজি নন নির্মাতারা। অবশ্য এক সূত্রের বরাতে ডেডলাইন জানিয়েছে, ‘হ্যাপি এন্ডিং’ হবে এই সিরিজটির।