২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাচ্ছেন ডেভিড লেটারম্যান

মার্কিন উপস্থাপক ডেভিড লেটারম্যান এবার ঘোষণা দিলেন অবসরের। দীর্ঘ ২২ বছর ধরে সিবিএস নেটওয়ার্কের জনপ্রিয় সেলিব্রেটি টক শো ‘লেইট শো উইথ ডেভিড লেটারম্যান’-এর এই উপস্থাপক জানালেন, ২০১৫ সালের ‘কোনো এক সময়ে’ অবসরে যাবেন তিনি।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 06:29 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানটির সর্বশেষ পর্বের শুটিংয়ে এই ঘোষণা দেন লেটারম্যান।

তিনি বলেন, “লেইসলি মুনভেস, যিনি এই নেটওয়ার্কের মালিক-- তার সঙ্গে আমার সম্পর্ক অনেক বছরের। এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা এর আগেও তার সঙ্গে আমার হয়েছে, এবং প্রতিবারই আমরা যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো সময়ে একত্রে কাজ করার ব্যাপারে রাজি হয়েছি। এই পর্বটি শুটিংয়ের আগে আমি তাকে ফোন করেছি; তাকে বলেছি, ‘লেইসলি, পুরো অভিজ্ঞতাটি ছিল দারুণ। তুমি অসাধারণ, এই পুরো নেটওয়ার্কটিও অসাধারণ; কিন্তু আমি অবসরে যাচ্ছি!”

লেটারম্যানের ওই ঘোষণা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সংগীতজ্ঞ মাইক মিলসের সঙ্গে সাক্ষাৎকারের ওই পর্বের পর। এড স্যালিভান থিয়েটার- যেখানে এই বিখ্যাত অনুষ্ঠানটির শুটিং হয়ে আসছে দীর্ঘদিন ধরে, সেখানে উপস্থিত সকল দর্শক এবং কলাকুশলী এই ঘোষণার পর লেটারম্যানকে দাঁড়িয়ে সম্মান জানান।

লেটারম্যান আরও বলেন, “আমরা এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করিনি এ ব্যাপারে। আমি মনে করি, অন্তত আরও একবছর পর সেই দিনটি আসবে। তবে, অদূর ভবিষ্যত, অর্থাৎ ২০১৫ সালেই ঈশ্বরের কৃপা হলে পল (পল শ্যাফার, অনুষ্ঠানটির সংগীত পরিচালক এবং লেটারম্যানের সহযোগী) আর আমি সবকিছু গুটিয়ে ফেলব।”

সিবিএস নেটওয়ার্কের তরফ থেকে এক বিবৃতিতে লেইসলি মুনভেস এ ব্যাপারে তাদের অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “২১ বছর ধরে, ডেভিড লেটারম্যান তার অসাধারণ ব্যক্তিত্ব, মেধা এবং রসবোধের মাধ্যমে আমাদের নেটওয়ার্কে ইতিহাস সৃষ্টি করেছেন। এই সময়ে টিভি দর্শকদের তিনি উপহার দিয়েছেন বিনোদনে ভরপুর সব অসাধারণ সাক্ষাৎকার; জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে দারুণ সব আলোচনার মুহূর্ত। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন তারকাদের তিনি তার ক্ষুরধার প্রশ্নের মাধ্যমে সবসময়ই রেখেছেন ব্যতিব্যস্ত।”

তিনি আরও বলেন, “ডেভিড লেটারম্যান একজনই; তার মতো কেউ আর কখনও আসবেন না। আমরা সবাই তার অসাধারণত্বের কাছে ঋণী থাকব।”

টিভি উপস্থাপক হিসেবে লেটারম্যানের অভিষেক ঘটে ১৯৮০ সালে, এনবিসির সকালের অনুষ্ঠান ‘দ্য ডেভিডলেটারম্যান শো’-এর মাধ্যমে। ১৯৮২ সালে প্রথমবারের মতো মধ্যরাতের সেলিব্রেটি টক শো-এর উপস্থাপক হিসেবে আবির্ভাব ঘটে লেটারম্যানের। ‘লেইট নাইট উইথ ডেভিড লেটারম্যান’ নামের এবিসি নেটওয়ার্কে প্রচারিত হওয়া ওই অনুষ্ঠান অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বিশ্ব জুড়ে। ১১ বছর পর সিবিএস-এর ঠিক একই ফরম্যাটের অনুষ্ঠান ‘দ্য লেইট শো’-এর প্রস্তাব পান লেটারম্যান। সিবিএস-এর আরেক জনপ্রিয় উপস্থাপক জনি কারসনের অবসরের পর ‘দ্য টুনাইট শো’-এর পরিবর্তে লেটারম্যানের অনুষ্ঠানটি চালু হয়।

লেটারম্যানের সঙ্গে ওই সময় এক কোটি চল্লিশ লাখ ডলারের বাতসরিক ভাতার চুক্তি করে সিবিএস, যা ছিল যে কোনো টিভি তারকার জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। বিগত দুই দশক ধরে চলতে থাকা দারুণ জনপ্রিয় এই অনুষ্ঠানের ঝুলিতে আছে ১২ টি এমি অ্যাওয়ার্ড। বিভিন্ন জরিপে লেটারম্যান নিজে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হয়েছেন ১২ বার।

২০০২ সালে লেটারম্যানের সঙ্গে চুক্তি আরও এক দশকের জন্য নবায়ন করে সিবিএস কর্তৃপক্ষ। ২০১৩ সালে ওই চুক্তি আবার এক বছরের জন্য বাড়ানোর ব্যাপারে রাজি হন তিনি।

তখন থেকেই লেটারম্যানের অবসরের ব্যাপারে গুঞ্জন শুরু হয়েছিল সব মহলে। অবশেষে সেই ঘোষণা এল; লেটারম্যানের পরবর্তী পর্বে জানা যাবে বিস্তারিত।