চলচ্চিত্র দিবস উদযাপন
চলচ্চিত্র প্রদশর্নী, সেমিনার, চলচ্চিত্রবিষয়ক মেলা, পুতুলনাচ, ফানুস উড়ানোসহ আরও নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ২০১৪ উদযাপন করল বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহমেদ গ্লিটজকে জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয় চলচ্চিত্র মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বায়োস্কোপ প্রদর্শনী।
অনুষ্ঠানমালায় ছিল পুতুলনাচ, নাগরদোলা, রেড কার্পেট সংবর্ধনা, টক শো, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যায় পরিবেশিত হয় নৃত্য, গান, কৌতুক ইত্যাদি। চলচ্চিত্র অভিনেতা ফেরদৌসের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। হাতির ঝিলে ফানুস উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
দিবসটি উদযাপন করতে শিল্পকলা একাডেমি পাঁচদিনের অনুষ্ঠান আয়োজন করেছে। একাডেমির ফিল্ম আর্কাইভ ও চলচ্চিত্র সংসদের যৌথ আয়োজনে দেখানো হবে দেশের ধ্রুপদী চলচ্চিত্র।
চলচ্চিত্র দিবস উপলক্ষে চারটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারগুলোতে প্রবন্ধ উপস্থাপনা করবেন অনুপম হায়াত, মোহাম্মদ হোসেন জেমী, মতিন রহমান ও মোরশেদুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়েও নানা অনুষ্ঠান আয়োজন করে চলচ্চিত্রবিষয়ক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো।
বিএফডিসির অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের পাশাপাশি নিজস্ব অনুষ্ঠান সম্প্রচার করছে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল।
দিবসটি পালনে বিএফডিসি-তে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানের মাধ্যমে সকাল ১০টা ৩০মিনিটে বিএফডিসির খোলা চত্বরে চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান সূচনা ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, “জঙ্গিবাদ, কুসংস্কার, অপসংস্কৃতি ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যেতে চলচ্চিত্র আমাদের সঙ্গে থাকবে সবসময়।”
সে সময় আরও উপস্থিত ছিলেন বিএফডিসির ম্যানেজিং ডিরেক্টর পীযুষ বন্দ্যোপাধ্যায়, তথ্যমন্ত্রণালয়ের সচিব ও সব অধিদপ্তরের প্রধানরা। আরও উপস্থিত ছিলেন বর্ষিয়ান শিল্পী হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আলমগীরসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএফডিসি সংশ্লিষ্ট ব্যক্তিত্বসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা।
তথ্য মন্ত্রণালয় আয়োজিত নানা অনুষ্ঠানের মাধ্যমে ৩ মার্চ পালিত হচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৪’।
দিবসের প্রতিপাদ্য ‘এগিয়ে চলি ভবিষ্যৎ সৃজনে’।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৫৯ সালে।
১৯৫৭ সালের ৩ মার্চ তদানিন্তন প্রাদেশিক পরিষদে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। দিনটিকে স্মরণীয় করে রাথতে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হচ্ছে ২০১২ সাল থেকে।
