২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বুধবার থেকে পাঁচদিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজনে প্রদর্শিত হবে ‘স্বরূপ সন্ধান’, ‘মুখ ও মুখোশ’ এবং ‘জীবনঢুলী’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

চলচ্চিত্র দিবসের আয়োজন সমন্বয় করছে একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।

একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথমবারের মতো প্রদর্শিত হবে মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’। এতে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে।

এ প্রামাণ্যচিত্রে বাংলাদেশের চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন চলচ্চিত্র পরিচালক প্রয়াত সুভাষ দত্ত, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, নারগিস আক্তার, কাজী হায়াত, ফৌজিয়া খানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রদর্শিত হবে আবদুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ।’ এর আগে একটি আলোচনা সভায় উপস্থিত থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।

শুক্রবার সাড়ে ৬টায় প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’।

শনিবার ও রোববার আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পূর্বপাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রাদেশিক পরিষদের নির্বাচনে ‘পূর্বপাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট বিল’ পাস হয়। এ বিল নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন নির্মাতা নাজির আহমেদ, আবদুল জব্বার খান ও বিএফডিসির সাবেক মহাপরিচালক আবুল খায়ের।

চলচ্চিত্রের ‘বিশেষ দিন’টিকে স্মরণ করতে তথ্য মন্ত্রণালয় ২০১২ সালে ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা আয়োজনে দিবসটি উদযাপন করে থাকে।