২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’

বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে। এটি চতুর্থবারের মতো মঞ্চস্থ হচ্ছে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:02 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

শচীন সেনগুপ্ত রচিত মূল নাটক অবলম্বনে নব নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আবদুল আজিজ। বাংলাদেশ থিয়েটারের হয়ে এটিই তার প্রথম নির্দেশনা। নির্দেশনার পাশাপাশি এই নাটকে তিনি ‘ওয়াচ’ চরিত্রে অভিনয় করছেন। নাটকের মঞ্চ এবং সংগীত পরিকল্পনাও তার।

নাটকে দেখা যাবে, ‘নবাব সিরাজদ্দৌলা’ সিনেমা দেখে আনোয়ার হোসেনের অন্ধভক্ত বনে যান সিরাজ নামের এক যুবক। তিনি স্বপ্ন দেখেন, একদিন নবাব সিরাজদ্দৌলার চরিত্রে অভিনয় করবেন। তারপর একদিন সিরাজ স্বপ্ন দেখেন তিনি সত্যিই নবাব সিরাজদ্দৌলা হয়ে গেছেন। তখন ইতিহাসের পাতা থেকে জীবন্ত হয়ে ওঠেন নবাব সিরাজদ্দৌলা। জীবন্ত হয়ে ওঠে তার শাসনামলের নানা দৃশ্য এবং চরিত্রগুলো।

নাটকে ‘সিরাজ’ নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন খন্দকার শাহ আলম। ‘আলেয়া’ চরিত্রে ফারজানা ফাতেমা চৌধুরী, ‘লুৎফা বেগম’ চরিত্রে নোবিয়া  ইসলাম রীতা, ‘ঘষেটি বেগম’ চরিত্রে মাসুদা খান, ‘রাজা রাজবল্লভ’ চরিত্রে রেজাউর রহমান রাজা, ‘মীরজাফর’ চরিত্রে সৈকত, ‘জগৎ শেঠ’ চরিত্রে গাজী আলাউদ্দিন বেগ, ‘ড. ফোর্ট’ চরিত্রে শাফি কামাল, ‘মোহনলাল’ চরিত্রে ফিরোজ শাহী, ‘মীর মদন’ চরিত্রে সীমান্ত সাহা, ‘ফিন ফ্রে’ চরিত্রে রেজাউল করিম রেজা অভিনয় করছেন।

বাংলা চলচ্চিত্রের ‘নবাব’খ্যাত প্রয়াত আনোয়ার হোসেন স্মরণে বাংলাদেশ থিয়েটার ২০১৩ সালে ১৪ নভেম্বর মঞ্চে আনে ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। নাটকটি দলের ২৭ বছর পূর্তি উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল। এটি দলের ১৫তম প্রযোজনা।

১৯৮৬ সালের ১৪ নভেম্বর মীর অলোকের নির্দেশনায় ‘জাহাজের ইঞ্জিন বিকল’ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ থিয়েটার। এরপর ‘সি মোরগ’, ‘নকশিকাঁথা’, ‘আর কতদিন স্টেশনে’, ‘এক্কাদ্দোকা’-সহ ১৫টি নাটকের পাশাপাশি বেশকটি পথনাটকও মঞ্চস্থ করেছে দলটি।