২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’

তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম প্রযোজনা ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে। লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ নাটকের ভাষান্তর, মঞ্চপরিকল্পনা এবং নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:57 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

রুবাইয়াৎ গ্লিটজকে জানান, ২০১৩ সালের শেষ দিকে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র থেকে তার কাছে একটি নাটক চাওয়া হয়। নতুন দল, নবীন অভিনয়শিল্পী-- সে কারণে এই নাটকটি তাদের মঞ্চায়নের জন্য উপযুক্ত বলে বিবেচনা করেন তিনি। কিন্তু পাণ্ডুলিপি পাঠানোর পর নির্দেশক সংকটে পড়ে দলটি। সংগঠনটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মাসুদের অনুরোধে তিনি নির্দেশনা দিতে সম্মত হন।

“আর এর মাধ্যমে ঢাকার মঞ্চে আমার প্রথম নির্দেশনাকর্মের জন্ম হল।” বললেন রুবাইয়াৎ।

রুবাইয়াৎ আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। জড়িত আছেন ঢাকা থিয়েটারের সঙ্গে। দলটি তার মৌলিক নাটক ‘জিয়ন্তকাল’ এবং ভাষান্তরিত ‘দ্য টেম্পেস্ট’ এবং ‘আউট সাইডার’ মঞ্চায়ন করছে। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়ে’র মঞ্চরূপও দিয়েছেন তিনি।

২০১৩ সালের নভেম্বর মাস থেকে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’র মহড়া শুরু হয়। এর কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের মার্চে।

নাটকে দেখা যাবে-- এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অলৌকিক চরিত্র-- জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। অবশেষে নানা ঘটনার মাধ্যমে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পরম্পরের মাঝে পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা ভালোবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।

এতে তরুণী চরিত্রে চিন্ময়ী গুপ্তা, তরুণ চরিত্রে এহসান পনির, মৃত্যু চরিত্রে চন্দন বোস ও সংগীত মিত্র এবং জীবন চরিত্রে সৈয়দা রুনা মাসুদ ও জগদীশ বিশ্বাস অভিনয় করেছেন।

আমেরিকান নাট্যকার লুইজি ব্রায়ান্টের ‘দ্য গেইম’ নাটকটিকে উপজীব্য করে নির্মিত হয়েছে আত্মহত্যাবিরোধী নাটক ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’।

নাটকটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং চট্টগ্রামের একটি নাট্যদলের মাধ্যমে বিভিন্ন সময়ে মঞ্চায়ন হয়েছে।

নাটকটি মঞ্চায়নের মাধ্যমে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মৃতিতে প্রতিষ্ঠিত তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এর সভাপতি ও প্রযোজনা অধিকর্তা হাবিবুর রাহমান মাসুদ জানান, ৫ জানুয়ারি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র।

ছবি কৃতজ্ঞতা: রুবাইয়াৎ আহমেদ।