২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্ট কোবেইনকে নিয়ে কমিকস

কিংবদন্তি গ্রাঞ্জ রকতারকা কার্ট কোবেইনকে নিয়ে এবার আসছে একটি কমিক বই। কোবেইনের জীবনের উপর ভিত্তি করে লেখা কমিক বইটি বাজারে আসবে ২ এপ্রিল, ডিজিটাল ভার্সন আর হার্ডকপি দুটি সংস্করণেই কিনতে পাওয়া যাবে এটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ব্যাং শোবিজ-এর প্রতিবেদন অনুযায়ী, কমিক বইটি লিখেছেন জেইফ্রি হাশিম। কোবেইনের ক্যারিয়ারের শুরুর দিকের সময়টা আর জনপ্রিয়তার শীর্ষে আরোহন পর্যন্ত উঠে এসেছে হাশিমের কমিকস-এ।

কোবেইনকে নিয়ে লেখা কমিক বইটি প্রকাশ করা হচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান ব্লু ওয়াটার পাবলিশিংয়ের ‘ট্রিবিউট’ সিরিজের অংশ হিসেবে। এর আগে ‘ট্রিবিউট’ সিরিজে জন লেনন, পল ম্যাকার্টনি, জিমি হেনড্রিক্স এবং কিথ রিচার্ডসের মতো কিংবদন্তি সংগীততারকাদের জীবনীর উপর ভিত্তি করে লেখা কমিকসও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, “রক মিউজিকে কার্ট কোবেইনের যে অবদান, তা এই কমিকসের মধ্য দিয়ে তুলে ধরব আমরা। শুধু তাই নয়, এমন একজন কিংবদন্তিকে শিশুদের কাছে তুলে ধরার জন্যও এটি হবে দারুণ এক মাধ্যম।”

৮০-র দশকের শেষদিকে আর ৯০-র দশকের শুরুর দিকে রক মিউজিকজগতে নিজের ব্যান্ড ‘নিরভানা’ নিয়ে নতুন বিপ্লবের সূচনা করেছিলেন কার্ট কোবেইন। পরে যা পরিচিতি পায় গ্রাঞ্জ রক হিসেবে।

১৯৮৯ সালে নিরভানার প্রথম অ্যালবাম ‘ব্লিচ’ দিয়ে সমালোচক আর শ্রোতা-- উভয় পক্ষের মন জয় করেছিলেন কোবেইন। ১৯৯১ সালের ‘নেভারমাইন্ড’ অ্যালাবামটি দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নেয় নিরভানা।

১৯৯৪ সালের ৮ এপিল মাসে নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় কোবেইনের দেহ। স্থানীয় পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি এবং ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী, ‘আত্মহত্যা’ করেছিলেন কোবেইন। তবে মাত্র ২৭ বছর বয়সে কোবেইনের মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক কাটেনি এখনও। আরেক রক কিংবদন্তি জিম মরিসনের মৃত্যুর মতোই কোবেইনের মৃত্যুকেও তাই ধরা হয় বিশ্ব সংগীতাঙ্গনের অমিংমাসিত রহস্যজনক আখ্যানের একটি হিসেবে।