রজনীকান্তের ‘সবচেয়ে বড়’ ভক্ত কাজল
নিজেকে রজনীকান্তের সবচেয়ে বড় ভক্ত বলে ঘোষণা করেছেন বলিউডি অভিনেত্রী কাজল। রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘কোচাদাইয়া’-এর হিন্দি ট্রেইলারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রোববার মুম্বাইয়ে এক জমকাল অনুষ্ঠানের মাধ্যমে সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন সিনেমাটির ট্রেইলর উদ্বোধন করেন। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন কাজল।
সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “আমি দারুণ উচ্ছ্বসিত। আমি রজনীকান্তের সবচেয়ে বড় ভক্ত। তিনিই হলেন সত্যিকারের মহাতারকা, যার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই। যদি কখনও তার সঙ্গে কাজের সুযোগ পাই, কোনো দ্বিধা ছাড়াই আমি সেখানে যোগ দেব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অনুপম খের।
রজনীকান্তের মেয়ে সুন্দারিয়া আর আশউইন পরিচালিত সিনেমাটি মূলত একটি থ্রিডি মোশন ক্যাপচার অ্যানিমেটেড সিনেমা। এর প্রধান তিন চরিত্র কোচাদাইয়া, রানা এবং সেনা-এর জন্য কণ্ঠ দিয়েছেন রজনীকান্ত। অন্যদিকে রাজকুমারী ভাধানার চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তামিল ভাষার ওই সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ১ মে। ওইদিন তামিলের পাশাপাশি বাংলা, ইংরেজি, হিন্দি, জাপানি, তেলেগু, মারাঠি, ভোজপুরি এবং পাঞ্জাবি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত রজনীকান্ত অভিনয় জীবন শুরু করেন সত্তর দশকের মাঝামাঝিতে।
প্রথম জীবনে ব্যাঙ্গালুরুতে একজন বাস কন্ডাক্টর হিসেবে জীবিকা নির্বাহ করা রজনীকান্ত ১৯৭৩ সালে ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইন্সটিটিউটে।
১৯৭৫ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তামিল সিনেমা ‘আপুর্ভা রাঙ্গালাল’–এর মাধ্যমে রূপালিজগতে পদার্পণ করেন তিনি।
প্রথমদিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও দ্রুতই রজনীকান্ত তামিল সিনেমার প্রথম সারির অভিনেতায় পরিণত হন। তিন দশকেরও বেশি স্থায়ী ক্যারিয়ারে রজনীকান্তের ঝুলিতে রয়েছে ছয়টি তামিলনাড়ু ফিল্ম অ্যাওয়ার্ড এবং একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন তিনি।
পারিশ্রমিকের দিক থেকে রজনীকান্ত বর্তমানে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী অভিনেতা।
২০০৭ সালের সিনেমা ‘শিভাজি’-তে অভিনয়ের জন্য ৪২ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক গ্রহণ করে এই রেকর্ড গড়েন তিনি। এদিক থেকে তাকে টপকাতে পেরেছেন একজনই, তিনি চীনা অভিনেতা জ্যাকি চ্যান।
৬৩ বছর বয়সী এই অভিনেতা ২০১১ সালে শারীরিকভাবে অসুস্থ হওয়ার পর থেকে সিনেমায় অভিনয় করা কমিয়ে দিয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ২০১০ সালের ‘এন্থিরান’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই ব্চ্চন।
