নির্ঝরের প্রথম একক ‘হৃদয়ে রবি’
কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও ধারক ব্যান্ডের ভোকাল নির্ঝর চৌধুরীর প্রথম একক অ্যালবাম ‘হৃদয়ে রবি’ শুক্রবার প্রকাশিত হবে।
রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
ছায়ানটের রবীন্দ্রসংগীতের শিক্ষক নির্ঝর চৌধুরী গ্লিটজকে বলেন, “বহুদিন থেকে রবীন্দ্রসংগীত নিয়ে একটি পূর্ণাঙ্গ একক অ্যালবাম প্রকাশের চিন্তা করছিলাম। অ্যালবামের গানগুলো একটু ভিন্নভাবে সাজিয়েছি। সমসাময়িকতার কথা মাথায় রেখে আমি কটি গানে ওয়েস্টার্ন ঘরানার কিছু ছোঁয়া রেখেছি। তবে মূল সুরে কোনো পরিবর্তন আনিনি।”
অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও রোকন ইমন। অ্যালবামটি বাজারে আনছে বেঙ্গল মিউজিক।
ছায়ানটের সাবেক শিক্ষার্থী নির্ঝর চৌধুরী ২০০০ সাল থেকে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষকতা করছেন। রবীন্দ্রসংগীতের পাশাপাশি তিনি শাস্ত্রীয়সংগীতেও দীর্ঘদিন তালিম নিয়েছেন। উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় বিভিন্ন ঘরানার পাশাপাশি তিনি কর্নাটকি ঘরানা নিয়েও কাজ করছেন দীর্ঘদিন ধরে। নির্ঝর ২০০৫ সালে শাস্ত্রীয়সংগীত বিভাগে জাতীয় পর্যায়ের সেরার পুরস্কার অর্জন করেন।
নির্ঝর ২০০৮ সালে ‘মাটির সুরে’ নামে একটি মিক্সড অ্যালবামের মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এ পর্যেন্ত ১০টি মিক্সড অ্যালবামের জন্য সংগীত পরিচালনা করেছেন তিনি।
নির্ঝর এখন কণ্ঠশিল্পী কণার সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। মিফতাহুল করিমের লেখা সবগুলো গানের সুর করেছেন তিনি। এছাড়া নিজের ব্যান্ড ধারকেরও প্রথম একক অ্যালবাম প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
