২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদানে আনন্দিত জোহানসন

ফরাসি সাংবাদিক রোমেইন দাউরিয়াকের সঙ্গে বাগদান করে দারুণ আনন্দিত হলিউডি অভিনেত্রী স্কারলেট জোহানসন। হবু স্বামীর সঙ্গে নিজের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় আছেন এখন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাতকারে জোহানসন বলেন, “বাগদান করার পর খুবই ভালো সময় কাটছে আমাদের। তবে আমি এখনও ফরাসি ভাষা ভালো জানি না।”

জোহানসন আরও জানান, বিয়ের পর কোথায় থিতু হবেন এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি তারা।

তিনি এ বিষয়ে বলেন, “আমি ভাবছি দূরে কোথাও বাড়ি বানাবো, শীতকালে যেখানে বরফের উপর স্কি করা যাবে। ভাবছি সুইজারল্যান্ডে গিয়ে থাকবো।’

২৯ বছর বয়সী এই অভিনেত্রী নব্বইয়ের দশকের শুরু থেকে হলিউডে অভিনয় করছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময়জুড়ে ‘ব্ল্যাক ডালিয়া’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’, ‘দ্য ন্যানি ডায়রিজ’, ‘লস্ট ইন ট্রান্সলেশন’, ‘দ্য আইল্যান্ড’, ‘আয়রন ম্যান টু’, ‘দ্য অ্যাভেঞ্জারস’-এর মত সিনেমায় অভিনয় করেছেন জোহানসন।

২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা রায়ান রেনল্ডসকে। কিন্তু ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। এছাড়াও তিনি তার সিনেমা ‘ব্ল্যাক ডালিয়া’র সহশিল্পী অভিনেতা জশ হার্নেটের সঙ্গে দুই বছর প্রেম করেছেন।

হলিউডলাইফ জানায়, ফরাসি সাংবাদিক দাউরিয়াক বর্তমানে একটি বিজ্ঞাপন সংস্থার ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ফরাসি আর্ট ম্যাগাজিন ‘ক্লার্ক’এর সম্পাদক ছিলেন।

জোহানসনের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। ২০১২ সালের নভেম্বর মাসে দাউরিয়াকের সঙ্গে প্রেমের খবর জনসম্মুখে প্রকাশ করেন জোহানসন। ২০১৩ সালের সেপ্টেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন। এর কিছুদিন পরেই জোহানসন জানান, দাউরিয়াকের সন্তানের মা হবেন তিনি।