২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলট্রো-মার্টিনের বিচ্ছেদ 

বিবাহিত জীবনের ১১ বছর পর এবার বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী গিনেথ পলট্রো এবং গায়ক ক্রিস মার্টিন।

জেনিফার ডি প্যারিস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:47 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ২৫ মার্চ নিজেদের বিচ্ছেদের খবর প্রকাশ করেছেন এই সাবেক জুটি।

যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকা এক সূত্রের বরাতে জানায়, বিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে একটি বিশেষ চিত্রকর্ম উপহার দিয়েছেন মার্টিন।

শিল্পী মিলা ফারস্টোভার আঁকা ওই চিত্রকর্মের বিষয় হল বিচ্ছেদ। সূত্রটি জানায়, নতুন করে জীবন শুরু করার জন্যে সাবেক স্ত্রীকে এই উপহার দিয়েছেন মার্টিন।

১১ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান, নয় বছর বয়সী অ্যাপেল এবং সাত বছর বয়সী মোজেসের বাবা-মা হয়েছেন এই সাবেক দম্পতি।

এদিকে বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশের সময় বাহামা দ্বীপপুঞ্জে সন্তানদের নিয়ে ছুটি কাটাতে দেখা গেছে মার্টিন এবং পলট্রোকে।

সূত্র জানায়, সন্তানরা যেন বাবা-মায়ের বিচ্ছেদের বিষয়টি নিয়ে মানসিক চাপে না থাকে, তাই পরিবারের সবাইকে নিয়ে ছুটি কাটিয়েছেন তারা।

কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এক সপ্তাহের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চান পলট্রো। এই সময়টা সন্তানদের সঙ্গে কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

বিচ্ছেদের ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগে, ই! নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে  ২০১৪ সালে নিজের পরিকল্পনা সম্পর্কে কথা বলেছিলেন এই অভিনেত্রী।

পলট্রো বলেন, “আমি ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত একটি সিনেমার শুটিং শেষ করেছি, যেখানে আমার সঙ্গে কাজ করেছেন জনি ডেপ। এছাড়াও টিভি সিরিজ ‘গ্লি’-র কয়েকটি পর্বে কাজ করেছি। এবার আমাকে মায়ের ভূমিকায় ফিরে যেতে হবে।”

পলট্রো আরও জানান, বছরে একটি সিনেমার বেশি কাজ করবেন না তিনি। আর তাই আপাতত নিজের লাইফস্টাইল ওয়েবসাইট ‘গুপ’ আর সন্তানদের সময় দেওয়া নিয়েই ব্যস্ত থাকবেন তিনি।

২০০৩ সালে মেক্সিকোতে বেশ গোপনীয়তার মধ্যে গাঁটছড়া বাঁধেন পলট্রো-মার্টিন দম্পতি। তাদের বিচ্ছেদ ঠিক কী কারণে হয়েছে, তা জানা যায়নি।

অভিনেত্রী গিনেথ পলট্রো এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেম করেছেন। এছাড়া অভিনেতা ব্র্যাড পিটের সাবেক বাগদত্ত ছিলেন পলট্রো।