২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদার প্রাতে

প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী ও গবেষক ড. প্রদীপ কুমার নন্দীর দুটি গ্রন্থ এবং একটি অডিও সিডি ‘উদার প্রাতে’।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

উদার প্রাতে অ্যালবামে কাজী নজরুল ইসলাম সৃষ্ট রাগ ও অন্যান্য রাগপ্রধান গান, ঠুমরি, খেয়াল এবং দাদরা অঙ্গের আটটি গান জায়গা পেয়েছে। এর সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। স্টুডিওর কাজ কলকাতায় করা হয়েছে বলে জানান প্রদীপ নন্দী।

প্রদীপ গ্লিটজকে বলেন, “নজরুলের যেসব গান অপ্রচলিত বা অপরিচিত, আমি সেসব গানই চর্চা করছি এবং অডিও শ্রোতাদের কাছে পৌঁছে দিতে অ্যালবামে রেখেছি।”

তিনি আরও বলেন, “গবেষণা করতে গিয়ে এসব গান শিখেছি নজরুল গবেষক সুধীন দাসসহ প্রতিথযশা শিল্পী ও শিক্ষকদের কাছে।”

অ্যালবামটি প্রকাশ করছে লেজার ভিশন।

২৮ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছায়ানট মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম মহিবুর রহমান, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা পারভীন, রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম, মিতা হক ও নজরুলসংগীত শিল্পী সুজিত মোস্তফার।

প্রদীপ নন্দী শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নজরুলসংগীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন ২০০৩ সাল থেকে। এর আগে তিনি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন দিনাজপুর সংগীত মহাবিদ্যালয়ে। তিনি সরকারি সংগীত মহাবিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেন ২০১১ সালে।

প্রদীপ নন্দী পিএইডি ডিগ্রি লাভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নজরুলসংগীত বিষয়ে। এর আগে ‘ছোটদের নজরুল’ ও নজরুলসংগীত প্রসঙ্গ নামে দুটি বই প্রকাশ করেন ২০০৭ সালে। এবারে প্রকাশিত হচ্ছে ‘কাজী নজরুলের গান; সুরকার প্রসঙ্গ’ এবং ‘শিল্প ও নন্দনতত্ত্ব’ নামে আরও দুটি বই।

এর আগে ‘মৃদুভাষিণী’ নামে মাত্র একটি অ্যালবাম প্রকাশ হয়েছে প্রদীপ নন্দীর। এটি লেজার ভিশন প্রকাশ করে ২০১০ সালে। তিনি পরিকল্পনা করছেন চলতি বছরেই আরও দুটি অ্যালবাম প্রকাশ করার। এরমধ্যে একটির নাম দিয়েছেন ‘অচেনা সুরে’।