২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব

তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। এ উপলক্ষে ৩ এপ্রিল, বৃহস্পতিবার বিএফডিসি প্রাঙ্গনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:53 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি বিনিময় অনুষ্ঠানে উৎসবের বিস্তারিত সম্পর্কে জানানো হয়।

উৎসব কমিটির আহ্বায়ক অভিনেতা রাজ্জাক আফসোস করে বলেন, “অনেক লড়াই করে চলচ্চিত্রশিল্পকে বহুদূর এগিয়ে নিয়েছিলাম। সেই চলচ্চিত্র এখন মুখ থুবড়ে পড়েছে। একে আবার টেনে তোলতে হবে। সবাই মিলে সে চেষ্টাই করতে হবে।”

তিনি জানান, চলচ্চিত্র উৎসবে স্মরণ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পূর্বপাকিস্তানের বাণিজ্যমন্ত্রী শেখ মুজিবুর রহমান প্রাদেশিক পরিষদের নির্বাচনে ‘পূর্বপাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট বিল’ পাস করান।

এ বিল নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন নির্মাতা নাজির আহমেদ, আবদুল জব্বার খান ও বিএফডিসির সাবেক মহাপরিচালক আবুল খায়ের। এ উৎসবে তাদের ও স্মরণ করা হবে।

এফডিসির মহাপরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, “চলচ্চিত্র দিবসে একটি দিন পুরো চলচ্চিত্র পরিবার উৎসব মেজাজে কাটাব। এ উৎসব হবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের এক মহামিলনমেলা।”

বিএফডিসি কর্তৃপক্ষ জানায়, ৩ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রাঙ্গনের তিন প্রজন্মের তারকারা। এছাড়া প্রশাসন ভবনের সামনে থাকছে মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রশাসন ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে একক ও দলীয় গান এবং নৃত্য প্রদর্শনী। সন্ধ্যায় চলচ্চিত্রাঙ্গনের তারকাদের অংশগ্রহণে থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান।

চলচ্চিত্রের নানা মুহু্র্তের স্থির চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ৮ নং ফ্লোরের সামনে। জহির রায়হান কালার ল্যাবে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীতে তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

নানা আয়োজনের পাশাপাশি চলচ্চিত্রবিষয়ক টকশো, সেমিনারের আয়োজন করা হয়েছে। টকশো হবে ২ নং ফ্লোরে। ১ নং ফ্লোরে চলচ্চিত্র নির্মাণবিষয়ক সেমিনারে ক্লাস নিবেন সিনিয়র নির্মাতারা।

উৎসবে আগত শিশুদের জন্য ক্যান্টিনের পাশে সাজানো হবে কিডস জোন।

রাত ১০টায় বিএফডিসি সংলগ্ন হাতিরঝিলে আতসবাজি ও ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে।