২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোর্ট ম্যারেজ’ করবেন কুচার-কিউনিস

চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বিয়ে করবেন হলিউডি জুটি অ্যাশটন কুচার এবং মিলা কিউনিস।  তবে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নয়, তাদের বিয়েটা হবে নিবন্ধন অফিসের চুক্তিপত্রে সই করে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:02 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ব্যাং শোবিজ জানায়, মার্চের শুরুতে আংটি বদল করে বাগদান করেছিলেন কুচার-কিউনিস। এরই মধ্যে খবর আসে, মা হবেন কিউনিস। তাই সন্তানের জন্মের আগেই গাঁটছড়া বাঁধতে চান এই হবু দম্পতি।

এক সূত্রের বরাতে দ্য সান পত্রিকা জানায়, এপ্রিলের মধ্যেই লস আঞ্জেলেসের এক নিবন্ধন অফিসে গিয়ে বিয়ে করবেন তারা। নিজেদের সম্পর্ককে আইনগত বৈধতা দিতে পারলেই খুশি কুচার-কিউনিস।

সূত্রটি আরও জানায়, জাঁকজমক করে বিয়ে করার কোনো ইচ্ছাই নেই এই জুটির। বিশেষ করে কিউনিস চাচ্ছেন না কোনো আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান করতে। পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে বাড়ির বাগানে বারবিকিউ করার মাধ্যমে বিয়ের অনুষ্ঠান করতে চান তিনি। ঘটা করে অনুষ্ঠান করার কোনো ইচ্ছা নেই কিউনিসের।

যদিও তারা চাচ্ছেন ঘরোয়াভাবে বিয়ের কাজটি সারতে, কিন্তু কুচারের ইচ্ছা এ বছরের শেষের দিকে বড় ধরনের অনুষ্ঠান করবেন তিনি।

সূত্রটি আরও জানায়, ফ্রান্সের দক্ষিণে কোথাও বড় ধরনের পার্টির আয়োজন করতে চান কুচার, যেখানে উপস্থিত থাকবেন তাদের সব বন্ধুবান্ধব। কিন্তু এখন সবই নির্ভর করছে অনাগত সন্তানের উপর।

ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেও সন্তানকে পুরোপুরি সময় দিতে চান এই জুটি। আর তাই সন্তানের রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্মী রাখার ইচ্ছা নেই তাদের।

ব্যক্তিগত জীবনের ব্যাপারে সবসময়ই গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছেন কুচার এবং কিউনিস। কিন্তু মার্চের শুরুতে কিউনিসের আঙুলে হীরার আংটি দেখা যাওয়ার পর তাদের বাগদানের গুঞ্জন শুরু হয়।

সম্প্রতি শোনা যায়, কুচারের সন্তানের মা হবেন কিউনিস। কারণ, গর্ভবতীদের সঙ্গে এক ইয়োগা ক্লাসে অংশ নিতে দেখা গেছে তাকে।

২০১৩ সালে অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে আট বছরের বিবাহিত জীবনের ইতি টানেন কুচার। তবে ২০১২ সাল থেকেই কিউনিসের সঙ্গে প্রেম করছেন তিনি।