প্রযোজনায় আনুশকা
অভিনেত্রী আনুশকা শর্মাকে প্রথমবারের মতো দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘এনএইচ টেন’-এ যৌথ প্রযোজক হিসেবে থাকবে প্রযোজনা প্রতিষ্ঠান এরোস ইন্টারন্যাশনাল এবং ফ্যান্টম ফিল্মস।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অ্যাকশন থ্রিলার ধাঁচের এই সিনেমা পরিচালনা করবেন নাভদিপ সিং। এতে অভিনয় করবেন আনুশকা নিজে।
সম্প্রতি এরোস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সুনীল লুল্লা এক বিবৃতিতে বলেন, “আনুশকার সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। ‘এনএইচ টেন’ খুবই ভালো একটি সিনেমা হবে বলে আমাদের বিশ্বাস। সবসময় এ ধরনের ভালো কাহিনির সিনেমায় আমরা বিনিয়োগ করতে চাই।”
এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনুশকা বলেন, “এই সিনেমা নিয়ে আমার উত্তেজনা একটু বেশিই, কারণ এখানে আমার চরিত্রটি অনেক চমৎকার। তাছাড়া আমার মনে হয়, আমার ক্যারিয়ারে এই সিনেমাটি বিশেষ ভূমিকা রাখবে।”
ফ্যান্টম ফিল্মসের সঙ্গে সম্প্রতি ‘বোম্বে ভেলভেট’ সিনেমার কাজ করেছেন আনুশকা। রনবীর কাপুরের বিপরীতে অভিনীত এই সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় আছে।
২০০৮ সালে ‘রাব নে বানাদি জোড়ি’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন আনুশকা শর্মা। অভিনয়ের পাশাপাশি ‘এনএইচ টেন’ হবে তার নিজের প্রযোজনায় প্রথম সিনেমা।
বলিউডি সিনেমা বাজারে ‘এরোস ইন্টারন্যাশনাল’ পরিচিত একটি নাম।
১৯৭৫ সালে ‘শোলে’ সিনেমার মাধ্যমে শুরু হয় এই কোম্পানির প্রযোজনার কাজ। সাম্প্রতিক সময়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘আর... রাজকুমার’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘রাম-লিলা’র মতো সিনেমাগুলো প্রযোজনা এবং পরিবেশনা করেছে এরোস।
‘ফ্যান্টম ফিল্মস’ হল বলিউডি পরিচালক অনুরাগ কশ্যপ এবং বিক্রমাদিত্য মোটওয়ানির নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান।
২০১১ সালে তৈরি হওয়া এই প্রতিষ্ঠানের প্রযোজিত প্রথম সিনেমা ছিল লুটেরা (২০১৩)। এছাড়াও চলতি বছরের বক্স অফিসে সফল সিনেমা ‘কুইন’ প্রযোজনা করেছে ‘ফ্যান্টম ফিল্মস’।
