চলে গেলেন নন্দা
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নন্দা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
নন্দার পরিবারের এক সদস্য ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানান, ২৫ মার্চ সকালে নিজবাড়িতে মারা যান তিনি।
ষাট এবং সত্তর দশকের জনপ্রিয় বলিউডি অভিনেত্রী নন্দার জন্ম ১৯৩৯ সালের ৪ জানুয়ারি। তার বাবা ছিলেন মারাঠি অভিনেতা এবং পরিচালক মাস্টার ভিনায়াক। মামা ছিলেন নির্মাতা ভি শান্তারাম।
নন্দার অভিনয়জীবনের শুরু হয় শিশুশিল্পী হিসেবে। এরপর ১৯৫৬ সালে ‘তুফান আউর দিয়া’ সিনেমার মাধ্যমে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হিসেবে অভিষেক হয় তার। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার মামা শান্তারাম।
এরপর অভিনেতা বলরাজ সাহানির বিপরীতে তিনি অভিনয় করেন ‘ছোটি বেহেন’ সিনেমায়। ১৯৫৯ সালের ওই সিনেমাই তাকে তারকাখ্যাতি এনে দেয়।
এছাড়াও তৎকালীন সময়ের জনপ্রিয় নায়ক রাজেশ খান্নার সঙ্গে ‘দ্য ট্রেইন’ সিনেমায় অভিনয় করেছিলেন নন্দা।
পার্শ্বঅভিনেত্রী হিসেবে তিনি ঋষি কাপুর এবং পদ্মিনী কোলাপুরির সঙ্গে অভিনয় করেছেন ‘প্রেম রোগ’-এ।
১৯৯২ সালে ‘অমর আকবর অ্যান্থনি’ খ্যাত পরিচালক মনমোহন দেশাইয়ের সঙ্গে বাগদান করেছিলেন নন্দা। কিন্তু এর দুবছর পর ছাদ থেকে পড়ে মারা যান নন্দার হবু স্বামী। এই ঘটনার পর আর কখনও বিয়ে করেননি ওই অভিনেত্রী।
