২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগন্তুকের ‘অন্ধকারে মিথেন’

আগন্তুক রেপার্টরি শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করবে তাদের প্রথম নাটক ‘অন্ধকারে মিথেন’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:45 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নাটকটি সফোক্লিসের ‘ইডিপাস’ গল্প অবলম্বনে রচিত। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার।

‘অন্ধকারে মিথেন’ একটি নিরীক্ষাধর্মী নাটক। আমেরিকার এক কয়লাখনি ও সেখানকার শ্রমিকদের নানা কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প।

নাটকটির ‘ভিভিয়ান’ চরিত্রে ত্রপা মজুমদার, ‘তরুণী’ চরিত্রে তাহনীনা ইসলাম, ‘ব্রাউন’ চরিত্রে ফয়েজ জহির, ‘এডওয়ার্ড’ চরিত্রে জাহাঙ্গীর আলম, ‘লরেন্স’ চরিত্রে পান্থ শাহরিয়ার, ‘জন’ চরিত্রে মোস্তাফিজ শাহীন, ‘টমাস’ চরিত্রে ফখরুজ্জামান চৌধুরী অভিনয় করছেন।

পান্থ গ্লিটজকে বলেন, “এ নাটকের মাধ্যমে আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের নানাদিক তুলে ধরা হয়েছে। নিয়তির কাছে অসহায় মানুষের কথা বলতে চেয়েছি নাটকটির মাধ্যমে। অন্তঃপুরবাসি নারীদের কথাও নাটকটিতে তুলে ধরা হয়েছে।”

তিনি আরও জানান, “নাটকে অভিনয়ের স্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অভিনয়ের পাশাপাশি পারিপার্শ্বিকতা ও মঞ্চসজ্জাও সময়োপযোগী করার চেষ্টা করেছি।”

আগন্তুক রেপার্টরি যাত্রা শুরু করে ২০১১ সালে। আন্তঃদলীয় ধারণা থেকে বিভিন্ন নাট্যদলে কাজ করা অভিনয়শিল্পীদের অংশগ্রহণে যাত্রা শুরু করে দলটি।

নাটকের মঞ্চ পরিকল্পনায় ছিলেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবহসংগীত পরিচালনা করেছেন আহসান রেজা খান। কোরিওগ্রাফি করেছেন তাহনীনা ইসলাম ও মোস্তাফিজ শাহীন।