২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক পেইজ নেই আলিয়ার

ফেইসবুকে আলিয়া ভাটের নামে যতগুলো ফ্যান পেইজ আছে সবগুলোই ভুয়া বলে টুইটারে জানালেন ওই অভিনেত্রী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 04:11 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস এ বিষয়ে একটি প্রতিবেদনে জানায়, ফেইসবুকে আলিয়ার নিজস্ব কোনো পেইজ নেই। আর তার নাম এবং ছবি দিয়ে যে পেইজগুলো চালানো হচ্ছে সেগুলো ভুয়া।

আলিয়া ২২ মার্চ টুইটারে পোস্ট করেন, “আমার নিজের ফেইসবুকে কোনো পেইজ নেই। আমার নামে যে পেইজগুলো আছে সবগুলোই নকল। সেগুলো ফলো করবেন না আপনারা।”

আলিয়ার বড় বোন পূজা ভাটও নকল পেইজ সম্পর্কে তার টুইটারে পোস্ট করেন।

তিনিও বলেন, “কেউ একজন আলিয়ার নামে ভুয়া ফ্যান পেইজ পরিচালনা করছেন।”

আর আলিয়ার ওই পেইজটি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন তারা। যারা না জেনে নকল ওই পেইজটি অনুসরণ করে আসছিলেন তাদের সাবধান করতেই মূলত এই উদ্যোগ নিয়েছেন তারা।

পূজা তার টুইটার পোস্টে নিজেই আলিয়ার নকল পেইজের লিঙ্ক শেয়ার করেন। তবে তার পোস্টের কিছুক্ষণ পরে আর ওই লিঙ্কে ক্লিক করে কোনো তথ্য পাওয়া যায়নি। পেইজটি ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে।

আলিয়ার নামে আরও একটি পেইজ আছে। পেইজটি চালাতেন রাজিব মালহোত্রা নামের একজন। যিনি নিজেকে আলিয়ার কাস্টিং এজেন্ট হিসেবে দাবি করেন। এই সুযোগ নিয়ে তিনি অনেককে ঠকিয়ে আসছেন। এসব কারণেই পূজা এবং আলিয়া সবাইকে সচেতন করে দিচ্ছেন।

২১ বছর বয়সী আলিয়া কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘হাইওয়ে’ সিনেমার সুবাদে আলোচিত হন দর্শক মহলে। আলিয়া বর্তমানে ব্যস্ত রোমান্টিক ড্রামাভিত্তিক সিনেমা ‘টু স্টেটস’-এর প্রচারণায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। সিনেমাটি হিন্দি এবং তামিল ভাষায় ১৮ এপ্রিল মুক্তির প্রতীক্ষায় রয়েছে।