২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হবেন কিউনিস

প্রেমিক অ্যাশটন কুচারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর এবার তার সন্তানের মা হতে চলেছেন মিলা কিউনিস।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:49 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

কন্টাক্টমিউজিক জানায়, দীর্ঘ প্রেমের পর কিছুদিন আগেই আংটি বদল করেছেন ওই হলিউডি জুটি। আর এবার অভিনেত্রী কিউনিসের মা হওয়ার বিষয়টিও জানা গেল।

ই! নিউজের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, এই প্রথমবার অভিনেতা কুচারের সন্তানের মা হতে চলেছেন কিউনিস।

গর্ভাবস্থায় যে ইয়োগা করতে হয় সম্প্রতি হলিউডে তেমন একটি ইয়োগা ক্লাসে দেখা গেছে কিউনিসকে।

২২ মার্চ তাদের দুজনকে লস অ্যাঞ্জেলেসে বাস্কেটবল খেলা দেখতে দেখা যায়। ওই ম্যাচে দর্শকদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিলেন ওই হলিউডি জুটি। এর আগেও কুচার এবং মিলাকে একসঙ্গে খেলা দেখতে দেখা গেছে।

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘দ্য সেভেন্টিজ শো’ সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন কুচার এবং কিউনিস।

২০১২ সাল থেকে ‘টেড’-খ্যাত ওই অভিনেত্রী কুচারের সঙ্গে প্রেম করছেন।

ধারণা করা হচ্ছে চলতি মাসের শুরুতেই আংটি বদল করেছেন ওই জুটি। কারণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তার অনামিকায় একটি হীরের আংটি দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কুচার ২০১৩ সালে ইতি টানেন তার আট বছরের বিবাহিত জীবনের।

২০০৫ সালে অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কুচার।

দীর্ঘ দিন ধরে চলে আসছে তাদের প্রেম। আর কখনও সম্পর্ককে লুকিয়ে রাখেননি ওই জুটি। তবে বিয়ের বিষয়ে বরাবরই উদাসীন ছিলেন কিউনিস। তিনি একবার এক সাক্ষাৎকারে বলেন যে, বিয়ের বিষয়ে আগ্রহী নন তিনি।

তবে কিছুদিন আগেই বাগদান এবং এখন মা হতে যাওয়ার খবরে ধারণা করা যায় খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

এখনও পর্যন্ত আংটি বদল বা বিয়ের বিষয়ে নিশ্চিত করে কিছুই জানাননি কুচার বা কিউনিস। কিউনিসের মা হতে যাওয়ার বিষয় নিয়েও মুখ খোলেননি তারা।