মূকাভিনয় দিবসে ‘জাদুর প্রদীপ’
বিশ্ব মূকাভিনয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদল মঞ্চস্থ করল মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’। ‘আরব্য রজনী’র ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে এ মাইমোড্রামার কাহিনি পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মঞ্চায়নের আগে এক আলোচনা সভার আয়োজন করে স্বপ্নদল। এ সভায় তারা স্মরণ করেছে প্রবাদপ্রতীম মূকাভিনেতা মার্সেল মার্সোকে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মূকাভিনেতা কাজী মশহুরুল হুদা ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন। মার্সেল মার্সোর জীবন ও শিল্পকর্মের পাশাপাশি বিশ্বব্যাপী মূকাভিনয় চর্চা নিয়ে আলোচনা করেছেন তারা।
‘জাদুর প্রদীপ’-এ অভিনয় করেছেন সুকন্যা, ইউসুফ, রেজাউল, আল আমিন, শাহীন, সামাদ, শিশির, ইমন, রাকিব, শরীফ. মোস্তাফিজ, মাধুরী প্রমুখ।
নির্দেশক জাহিদ রিপন বলেন, “কাহিনি হিসেবে ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য ‘জাদুর প্রদীপ’-কে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয় এ মাইমোড্রামার মূল সুর।”
মার্সেল মার্সো ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে ১৯২৩ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেন। প্রায় ৬০ বছরের ক্যারিয়ারে তিনি মূকাভিনয়ে নতুন সব মাত্রা যোগ করেছেন।
২০০৭ সালের ২২ সেপ্টেম্বর তিনি মারা যান। তার মৃত্যুদিবসকে বিশ্বব্যাপী মূকাভিনয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার মার্সোর অন্যতম প্রিয় শিষ্য।
